Tuesday, March 3, 2026
Latestদেশ

অসমে নিষিদ্ধ বহুবিবাহ, একাধিক বিয়ে করলে ৭ বছর জেল, বিল পাশ মন্ত্রিসভায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অসমে বহুবিবাহ নিষিদ্ধ করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। সোমবার রাজ্যের মন্ত্রিসভায় পাশ হল ‘বহুবিবাহ প্রতিরোধ বিল’, যেখানে একাধিক বিবাহে যুক্ত থাকলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি, বহুবিবাহের ফলে ক্ষতিগ্রস্ত মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ তহবিল গঠনের কথাও উল্লেখ করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা

সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, “অসমে বহুবিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। আগামী ২৫ নভেম্বর এই বিল বিধানসভায় পেশ করা হবে।” তিনি আরও বলেন, এই বিল মহিলাদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় এক ঐতিহাসিক পদক্ষেপ।

বিলে কী কী প্রস্তাব?

  • একাধিক বিবাহ করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে।

 

  • বিবাহবিচ্ছেদ আইনত সম্পন্ন না হলে নতুন করে বিবাহ করা যাবে না।

 

  • বহুবিবাহে প্ররোচনা বা সহায়তা করা ধর্মগুরু, সমাজপতি বা আধিকারিকদের বিরুদ্ধেও শাস্তির বিধান থাকবে।

 

  • ক্ষতিগ্রস্ত মহিলাদের আর্থিক সহায়তার জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হবে।

ব্যতিক্রমের বিধান

তবে এই বিলের কিছু ব্যতিক্রম থাকবে। তফসিলি জাতি ও অসমের ষষ্ঠ তফসিলভুক্ত অঞ্চল যেমন বড়োল্যান্ড, ডিমা হাসাও ও কারবি আংলং এলাকায় এই আইন প্রযোজ্য হবে না বলে জানা গিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষণ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপ হিমন্ত সরকারের একটি কৌশলগত মাস্টারস্ট্রোক। মুখ্যমন্ত্রী গত মাসেই জানিয়েছিলেন, লাভ জিহাদ, বহুগামিতা এবং বৈষ্ণব সত্র সুরক্ষাসংক্রান্ত তিনটি ঐতিহাসিক বিল বিধানসভায় আনা হবে। সেই প্রতিশ্রুতিরই প্রথম পদক্ষেপ হিসেবে বহুবিবাহ বিরোধী বিল পাস হল।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বিল আইনে পরিণত হলে অসমে মহিলা ভোটব্যাঙ্কে বিজেপির অবস্থান আরও মজবুত হবে, এবং সমাজে বহুবিবাহ রোধে এটি কার্যকর ভূমিকা নিতে পারে।