‘অনুপ্রবেশ বন্ধ করতে চাইলে তৃণমূলকে তাড়ান’, বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার পশ্চিমবঙ্গের ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সোজাসাপ্টা আবেদন — “সরকার বদল করে দিন, অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি সরকার।” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অমিত শাহ অভিযোগ করেন, রাজ্যের শাসকদল অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে।
এসআইআর নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক
‘SIR নিয়ে সাম্প্রতিক সময়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এসআইআরের মাধ্যমে ‘বৈধ’ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁদের দাবি, বিজেপি এই প্রক্রিয়াকে হাতিয়ার করে নির্বাচনী সুবিধা নিতে চাইছে।
অমিত শাহ অবশ্য এই অভিযোগ নস্যাৎ করে জানান, “এসআইআরের লক্ষ্য শুধুই অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। যারা ভারতের নাগরিকই নন, তাঁরা ভোট দেওয়ার অধিকার কীভাবে পান?”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তি হলো নির্বাচন। কমিশন যদি অনুপ্রবেশকারীদের তালিকা থেকে বাদ দেয়, তবে বিরোধীদের এত আপত্তি কেন?”
কেন্দ্র বনাম রাজ্য
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে এসআইআর কার্যকর হতে দেবেন না। তাঁর আশঙ্কা, এই প্রক্রিয়ায় বাংলার বহু বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। এমনকি, প্রয়োজনে দিল্লিতে নির্বাচন সদন ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে শাহের কটাক্ষ, “মমতা তো সংবিধানের উপরে বাস করেন। আমরা সংবিধানের মধ্যেই কাজ করি।”
তিনি আরও বলেন, “বিহারেও এসআইআর চালু হয়েছিল, সেখানে কোনও সমস্যা হয়নি। পশ্চিমবঙ্গেও হবে।”
পশ্চিমবঙ্গের ভোটারদের উদ্দেশে অমিত শাহ বার্তা দিয়েছেন, “যদি অনুপ্রবেশ বন্ধ করতে চান, তবে সরকার পাল্টে দিন।”


