ডলার নয়, ভারতীয় মুদ্রায় হবে লেনদেন, রাশিয়ার পর রুপিকে বেছে নিচ্ছে আরও ৩৫টি দেশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার পরে রাশিয়ার উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে ডলার ছেড়ে ভারতীয় মুদ্রায় লেনদেন শুরু করেছে পুতিনের দেশ। প্রথম বিদেশী রাষ্ট্র হিসেবে এ পথে পা বাড়িয়েছে মস্কো। জানা গেছে, বিশ্বের প্রায় আরও ৩৫টি ভারতীয় রুপিতেই বাণিজ্য করার কথা ভাবছে।
রাশিয়ার পর শ্রীলংকা এবং মরিশাসও মার্কিন ডলারের পরিবর্তে ভারতীয় মুদ্রাকে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ডলারের ঘাটতি রয়েছে বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারের মতো ভারতের প্রতিবেশী দেশগুলিরও। এই সমস্যা সমাধানে ডলার এর পরিবর্তে ভারতীয় মুদ্রায় বৈদেশিক লেনদেন করতে আগ্রহী তারা।
উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ভারতীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তির ব্যবস্থা তৈরি করেছে। এরপর থেকে ভারতীয় মুদ্রা নিয়ে একের পর এক দেশ আগ্রহ দেখাচ্ছে।
সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, তাজিকিস্তান, কিউবা, লুক্সেমবার্গ এবং সুদানও ভারতীয় মুদ্রা ব্যবস্থা ব্যবহার করার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করছে।
প্রসঙ্গত বলে রাখি, এখনো পর্যন্ত বিশ্বে সর্ববৃহৎ রিজার্ভ কারেন্সি হল মার্কিন ডলার। তাই বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই করা হয় ডলারে।

