যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দেওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করলো দিল্লি পুলিশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (CJP) বিক্ষোভের আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল দিল্লি পুলিশ। শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
বিক্ষোভে যোগ দিতে ধ্রুব রাঠি দিল্লিতে এসেছেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রের দাবি, শনিবার সকালে দিল্লি পুলিশের প্রায় ৫০ জন কর্মীর একটি দল গুরুগ্রামে ধ্রুব রাঠির বাড়িতে পৌঁছয় এবং তাকে আটক করে। এই ঘটনার পরেই তীব্র প্রতিক্রিয়া জানায় সিজেপি। ধ্রুব রাঠিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার সন্ধ্যায় নিজের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে শনিবারের বিক্ষোভে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ধ্রুব রাঠি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সমালোচক হিসেবে পরিচিত এই ইউটিউবার চলতি সপ্তাহের শুরুতে জার্মানি থেকে ভারতে এসেছেন। গত ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভেও যোগ দিয়েছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ধ্রুব রাঠির বিপুল সংখ্যক অনুগামী রয়েছেন। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা ১ কোটি ৯২ লক্ষ, এক্সে ৩৩ লক্ষ এবং ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ।
এদিকে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করার কারণ দেখিয়ে চলতি সপ্তাহের শুরুতেই প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। বিক্ষোভকারীদের জন্তর মন্তরে পৌঁছনো আটকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে একাধিক ব্যক্তিকে আটক করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, আজ দিল্লির কেন্দ্রস্থলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রস্তাবিত বৃহৎ বিক্ষোভের আগে রাতভর ৪০০-রও বেশি মানুষকে আটক করা হয়েছে। বাতিল করা হয়েছে শতাধিক ট্রেন এবং বন্ধ রাখা হয়েছে মেট্রোর একাধিক স্টেশন।
জন্তর মন্তরে সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রের তরফে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে।

