কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়রদের হেনস্তার অভিযোগ, অধ্যক্ষের দ্বারস্থ এবিভিপি-র মেডিভিশন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র পড়ুয়াদের একাংশকে রাতের বেলায় হুমকিমূলক ফোন, মানসিক হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিল এবিভিপি-র মেডিভিশন (MCK Unit)। সংগঠনের দাবি, অভিযুক্তরা কলেজের এক ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে, যার ফলে ছাত্রদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে।
স্মারকলিপিতে অভিযোগের নিরপেক্ষ ও সময়বদ্ধ তদন্ত, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা, অভিযোগকারী ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কলেজ চত্বরে ভয়মুক্ত ও সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কোনও ছাত্রছাত্রী যাতে শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেই লক্ষ্যে প্রশাসনের কাছে প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণেরও আবেদন জানিয়েছে সংগঠন। এবিভিপি-মেডিভিশনের কলকাতা মহানগর কনভেনর পুলস্ত্য চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের একটাই দাবি – কলেজগুলোতে কোনো বামপন্থী থ্রেট কালচার চলবে না। আমরা চলতে দেবো না, আজকে একটা সাধারণ ছাত্র যদি এই বিষয়ে প্রতিবাদে গলা তোলে – তার ওপর যেই মানসিক, এবং কিছু ক্ষেত্রে শারীরিক হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অগণতান্ত্রিক ভাবে দাদা- কালচারে তৈরি স্টুডেন্ট বডি গুলো এই মুহূর্তে বরখাস্ত করার। অরাজনৈতিক মুখোশের আড়ালে বামপন্থীদের এই থ্রেট কালচারের দিন শেষ হবে, সেটা আমাদের অঙ্গীকার।”


