Sunday, July 12, 2026
Latestরাজ্য​

রানওয়ে সম্প্রসারণে দমদম বিমানবন্দর থেকে সরছে বাঁকড়া মসজিদ, বন্ধ করা হলো নমাজ ও এন্ট্রি পাস

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিরাপত্তার জন্য এবং রানওয়ের আধুনিকীকরণে ঐতিহাসিক পদক্ষেপ নিল দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার থেকে দমদম বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত ১৩৬ বছরের পুরনো বাঁকড়া মসজিদে সাধারণ মানুষের প্রবেশ এবং নমাজ পাঠ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হল। একই সাথে, এতদিন মসজিদে যাওয়ার জন্য বহিরাগতদের যে বিশেষ এন্ট্রি পাস দেওয়া হত, তাও বাতিল করা হয়েছে কর্তৃপক্ষের তরফে।

নিরাপত্তা ও রানওয়ে সম্প্রসারণের স্বার্থে এই সিদ্ধান্ত:

দমদম বিমানবন্দরে বিমান ওঠানামার জন্য দুটি রানওয়ে রয়েছে। বিমানবন্দর আধিকারিকদের একাংশের মতে, প্রধান রানওয়েটি যখন রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকত, তখন দ্বিতীয় ছোট রানওয়েটি দিয়ে বড় বিমান চলাচলের ক্ষেত্রে এই মসজিদের অবস্থানের কারণে বড়সড় ঝুঁকি তৈরি হত। শুধু তাই নয়, মসজিদের কারণেই এই দ্বিতীয় রানওয়েটির সম্প্রসারণের কাজও দীর্ঘদিন ধরে থমকে ছিল।

এতদিন বিরাটি-বাঁকড়া সংলগ্ন এলাকার গেটে পরিচয়পত্র দেখিয়ে সাধারণ মানুষকে রানওয়ের অত্যন্ত কাছাকাছি অবস্থিত এই মসজিদে যেতে হতো। রানওয়ের মতো অতি সংবেদনশীল এলাকায় সাধারণ মানুষের এই নিয়মিত যাতায়াত বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে বারবার প্রশ্নের মুখে ফেলছিল। ফলে, সার্বিক সুরক্ষার কথা মাথায় রেখেই শনিবার থেকে এই পাস বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

অশান্তি এড়াতে মোতায়েন পুলিশ বাহিনী

এই সিদ্ধান্তের পরেই পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার। তিনি স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের সাথে কথা বলেন। সংবাদমাধ্যমকে বিধায়ক জানান, “বিমানবন্ধরের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে, এলাকার মানুষ তাতে সহমত পোষণ করেছেন। এই বিষয়টিকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের উসকানিমূলক পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে।”

আপাতত যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দর সংলগ্ন ওই এলাকায় প্রচুর পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।

বিকল্প মসজিদের প্রস্তাব ও স্থানান্তরের আলোচনা:

বিগত কয়েক দশক ধরে এই মসজিদটি স্থানান্তরের বিষয়ে আলোচনা চললেও, সম্প্রতি এই প্রক্রিয়ায় গতি আসে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তরে স্থানীয় বিধায়ক, জেলা প্রশাসন ও মসজিদ কমিটির সদস্যদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। বিমানবন্দর নিরাপত্তা কমিটিও এই বিষয়ে সক্রিয় পদক্ষেপ করেছে।

মসজিদ কমিটির পক্ষ থেকে ইতিপূর্বেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, দেশের ও বিমানবন্দরের সুরক্ষাকে বিঘ্নিত করে তারা এমন কিছু করতে চান না। সূত্রের খবর, বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিমানবন্দরের সীমানার বাইরে একটি অপেক্ষাকৃত বড় বিকল্প মসজিদ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।