মহরমের মিছিলে অস্ত্র প্রদর্শন করা যাবে না, ডিজে বাজানো যাবে না
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহরম উপলক্ষে রাজ্যের আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল পুলিশ। লালবাজারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মহরমের কোনও মিছিলে অস্ত্র প্রদর্শন করা যাবে না। পাশাপাশি ডিজে বাজানো, উস্কানিমূলক বার্তা প্রচার এবং অনুমতি ছাড়া নতুন মিছিল বের করার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আগামী ২৬ জুন মহরম পালনকে কেন্দ্র করে মঙ্গলবার রাজ্যের সমস্ত থানার সঙ্গে বৈঠক করে কলকাতা পুলিশ। ডিসি পদমর্যাদার আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে নিরাপত্তা ও মিছিল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এরপরই থানাগুলিকে বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এতদিন ধরে যেসব মিছিল নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে, শুধুমাত্র সেগুলিকেই অনুমতি দেওয়া হবে। নতুন কোনও মিছিলের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া মাইক ব্যবহারের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্ধারিত শব্দসীমা কঠোরভাবে মেনে চলতে হবে। কোনও অবস্থাতেই ডিজে বা উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। অতিরিক্ত উঁচু তাজিয়া নির্মাণ না করারও নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, মিছিলের সময় কোনও ধরনের অস্ত্র বা অস্ত্রসদৃশ বস্তু প্রদর্শন করা যাবে না। পাশাপাশি কোনও উস্কানিমূলক বা সংবেদনশীল বার্তা প্রচার থেকেও বিরত থাকতে হবে আয়োজকদের।
মিছিলের রুট নিয়েও বিশেষ নজর রাখছে পুলিশ। অনুমোদিত রুট ছাড়া অন্য কোনও পথে মিছিল নিয়ে যাওয়া যাবে না। মহরম উপলক্ষে শুক্রবার শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে লালবাজার।
পুলিশের দাবি, উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকল আয়োজক ও অংশগ্রহণকারীদের নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে।

