এবার স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে আরও এক বড় সম্মান অর্জন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত করা হল তাঁকে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন মোদী। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের দেওয়া আন্তর্জাতিক সম্মানের তালিকায় প্রধানমন্ত্রীর প্রাপ্ত পুরস্কারের সংখ্যা দাঁড়াল ৩৩।
দুই দিনের স্লোভাকিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা লাভের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর করলেন, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্মান গ্রহণের পর সামাজিক মাধ্যম এক্স-এ প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কার তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতের ১৪০ কোটি মানুষের সম্মান। তিনি এই স্বীকৃতি ভারত ও স্লোভাকিয়ার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার প্রতি উৎসর্গ করেছেন।
সফরের সময় স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভার প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছলে তাঁকে ঐতিহ্যবাহী রুটি ও নুন দিয়ে স্বাগত জানান সেদেশের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি। স্লোভাক সংস্কৃতিতে অতিথি অভ্যর্থনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল এই রীতি।
প্রেসিডেন্ট পেলেগ্রিনির সঙ্গে বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, উদ্ভাবন এবং কৌশলগত সহযোগিতাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং অন্যান্য শীর্ষ সরকারি আধিকারিক।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রেসিডেন্সিয়াল প্যালেসে আয়োজিত এক বিশেষ যোগাভ্যাস কর্মসূচিতেও অংশ নেন মোদী ও পেলেগ্রিনি। পাশাপাশি, বারাণসী থেকে অনুপ্রাণিত একটি বিশেষ প্রদর্শনীও ঘুরে দেখেন দুই নেতা।
এর আগে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী। বৈঠকের পর দুই দেশের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরিত হয়, যা ভবিষ্যতে ভারত-স্লোভাকিয়া সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
কূটনৈতিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে ভারত ও স্লোভাকিয়ার মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্লোভাকিয়া সফর এবং চলতি বছরে প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির ভারত সফরের পর প্রধানমন্ত্রী মোদীর এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিল। বিশেষজ্ঞদের মতে, এই সফর মধ্য ইউরোপে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক উপস্থিতি আরও জোরদার করবে।

