Tuesday, May 26, 2026
Latestরাজ্য​

Annapurna Yojana: বুধবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন প্রক্রিয়া শুরু, অনলাইন ও অফলাইনে মিলবে ফরম: শুভেন্দু অধিকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা চালু রাখার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে তিনি জানান, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সম্পূর্ণভাবে কার্যকর না হওয়া পর্যন্ত মহিলাদের মাসিক ভাতা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমেই দেওয়া হবে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বুধবার থেকেই অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হচ্ছে।

মঙ্গলবার তিন জেলার বিধায়ক, প্রশাসনিক আধিকারিক এবং দলের কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় পরিবর্তিত হবে। বুধবার মন্ত্রী অগ্নিমিত্রাকে সঙ্গে নিয়ে নবান্ন থেকে ফর্ম প্রকাশ করা হবে।” তাঁর দাবি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতেই এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই আবেদনপত্র পাওয়া যাবে। বিধায়কেরাও সাধারণ মানুষের হাতে ফর্ম পৌঁছে দেওয়ার কাজে সাহায্য করবেন। তিনি বলেন, “যত দ্রুত উপভোক্তারা নাম নথিভুক্ত করবেন, তত দ্রুত তাঁদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে পৌঁছে যাবে।” পাশাপাশি স্পষ্ট করে দেন, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা চালু থাকবে।

এই প্রকল্প নিয়ে কড়া বার্তাও দেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, শুধুমাত্র ভারতীয় মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। বাংলাদেশ থেকে আসা কোনও অনুপ্রবেশকারী এই সুবিধার আওতায় থাকবেন না বলেও মন্তব্য করেন তিনি।

এদিন মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আপাতত সমস্ত মহিলাই ফ্রি বাস পরিষেবার সুবিধা পেলেও ভবিষ্যতে স্মার্ট কার্ড চালুর পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর দাবি, এতে প্রকৃত উপভোক্তাদের শনাক্ত করা সহজ হবে।

একইসঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, “গত সরকারের আমলে তৃণমূলের নেতারাও লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। আমাদের সরকার সেই সুযোগ দেবে না।” তিনি আরও দাবি করেন, পোশাক বদলে বা মুখ ঢেকে কেউ যাতে সরকারি সুবিধা নিতে না পারেন, তার জন্য দ্রুত স্মার্ট কার্ড ব্যবস্থা চালু করা হবে।