Tuesday, May 12, 2026
Latestরাজ্য​

Sujit Bose: পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুকে। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে হাজিরা দেন তিনি। প্রায় সাড়ে ১০ ঘণ্টা জেরা করার পর রাতে তাঁকে গ্রেফতারির কথা জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে চলা পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে তলব করা হয়েছিল। তদন্তে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগ সামনে আসার পরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সোমবার রাত সওয়া ৯টা নাগাদ বিধাননগর কেন্দ্রের সদ্য-পরাজিত বিধায়ককে গ্রেফতার করে ইডি।

এর আগে গত ১ মে-ও ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন সুজিত। তবে ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে এই প্রথম বার তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন। এদিন তাঁর সঙ্গে আইনজীবীও উপস্থিত ছিলেন। রাতে ইডি দফতরের বাইরে সুজিতের আইনজীবী জানান, তৃণমূল নেতার পুত্র সমুদ্র বসু তখনও ইডি অফিসের ভিতরেই ছিলেন।

বিধানসভা ভোটের আগে একাধিক বার সুজিত বসুকে তলব করেছিল ইডি। কিন্তু নির্বাচনী প্রচার এবং ভোটের কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। পরে আদালতে সেই বিষয়টি জানানো হয়। হাই কোর্টের নির্দেশ মেনে পরবর্তীতে ইডি দফতরে হাজিরা দেন তিনি।

এর আগেও সুজিত বসুর বাড়ি, অফিস এবং তাঁদের মালিকানাধীন ধাবায় তল্লাশি চালিয়েছিল ইডি। শুধু তাই নয়, তাঁর পুত্র সমুদ্র বসু-সহ পরিবারের একাধিক সদস্যকেও ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্তকারী সংস্থা তাঁদের বয়ানও রেকর্ড করে।

বার বার তলবের মুখে সুজিত দাবি করেছিলেন, যে মামলায় তাঁকে ডাকা হচ্ছে, সেই মামলায় ইতিমধ্যেই সিবিআই চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে তাঁর নাম নেই। তবে শেষ পর্যন্ত ইডির তদন্তের জাল এড়াতে পারলেন না তিনি।

ইডি সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করানো হবে। এরপর তাঁকে হেফাজতে রাখা হবে। মঙ্গলবার সকালে তাঁকে আদালতে তোলা হতে পারে বলে জানা গিয়েছে।