বীরভূমের কঙ্কালীতলা মন্দিরে বিধর্মীদের প্রবেশ নিষিদ্ধ করলো বিজেপি নেতাকর্মীরা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়েছে। আর বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক পদক্ষেপ। বোলপুরের কাছে অবস্থিত সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে বিধর্মীদের প্রবেশ নিষিদ্ধ করেছেন বিজেপি নেতাকর্মীরা। মঙ্গলবার মন্দির চত্বরে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ করার পর গেটে একটি ব্যানার টাঙানো হয়, যেখানে স্পষ্ট লেখা— হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরের পুরোহিত ও সেবাইতদের ডেকে মৌখিকভাবেও নির্দেশ দেওয়া হয় যাতে মুসলিম সম্প্রদায়ের কাউকে মন্দিরে প্রবেশ করতে না দেওয়া হয়। এমনকি মন্দিরের ট্রাস্ট বোর্ডে ভবিষ্যতে মুসলিম সম্প্রদায়ের কোনও সদস্যকে অন্তর্ভুক্ত না করার কথাও বলা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে মন্দিরের যাবতীয় কাজ— পুজো, মেলা ও সংস্কার— পরিচালিত হয়ে আসছে। অতীতে এই দায়িত্বে ছিলেন স্থানীয় নেতৃত্ব, যাদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরাও ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এতদিন মন্দিরে প্রবেশে কোনও ধর্মীয় বিধিনিষেধ ছিল না; সকলের জন্যই দরজা খোলা থাকত।
পশ্চিমবঙ্গে এবার প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করতে চলেছে। শপথ গ্রহণের আগেই বিভিন্ন এলাকায় রাজনৈতিক রদবদল, উত্তেজনা ও সংঘর্ষের খবর সামনে আসছে। তারই প্রেক্ষিতে কঙ্কালীতলার এই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
যদিও এই বিষয়ে বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।


