Monday, April 27, 2026
Latestরাজ্য​

ভোটের মুখে নজিরবিহীন ধরপাকড়, বাজেয়াপ্ত ৫১০ কোটিরও বেশি নগদ টাকা, মাদক, মূল্যবান ধাতু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোট যত এগোচ্ছে, ততই কড়া হচ্ছে নজরদারি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে নজিরবিহীন ধরপাকড়ে নেমেছে নির্বাচন কমিশন। কমিশনের প্রকাশিত সাম্প্রতিক প্রেস নোট অনুযায়ী, নগদ টাকা, মদ, মাদক, মূল্যবান ধাতু ও বিভিন্ন ‘ফ্রি-বি’ মিলিয়ে রাজ্যে মোট বাজেয়াপ্তের অঙ্ক ইতিমধ্যেই ৫১০.১০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এই বিপুল পরিমাণ বাজেয়াপ্তিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।

কমিশনের দাবি, আচরণবিধি জারির পর থেকেই বেআইনি প্রলোভন রুখতে এবং ভোটারদের প্রভাবিত করার যে কোনও প্রচেষ্টা প্রতিহত করতে রাজ্য জুড়ে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। একাধিক জেলায় চলছে লাগাতার তল্লাশি, নাকা চেকিং এবং বিশেষ অভিযান। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করাই এই কড়াকড়ির মূল লক্ষ্য।

বর্তমানে গোটা রাজ্যে মোতায়েন রয়েছে ২,৭২৮টি ফ্লাইং স্কোয়াড টিম এবং ৩,১৪২টি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম। এই দলগুলি বিভিন্ন এলাকায় যানবাহন তল্লাশি চালাচ্ছে, সন্দেহভাজন সামগ্রী আটক করছে এবং গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযানে নামছে। বিশেষভাবে নজর দেওয়া হয়েছে বেআইনি মদের মজুত, উৎপাদন ও পাচার রোধে।

কমিশনের পরিসংখ্যান বলছে, বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৩০ কোটি টাকা নগদ, ১১০.১২ কোটি টাকার মাদকদ্রব্য, ৫৮.২৮ কোটি টাকার মূল্যবান ধাতু এবং ১৮৪.৮৫ কোটি টাকার ফ্রি-বি। পাশাপাশি বিপুল পরিমাণ মদও উদ্ধার হয়েছে। সব মিলিয়ে এই অঙ্ক দাঁড়িয়েছে ৫১০.১০ কোটিতে, যা চলতি নির্বাচনে নজরদারির মাত্রা কতটা বেড়েছে, তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, এই পরিমাণ বাজেয়াপ্ত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ের ৩৩৯ কোটি টাকার তুলনায় অনেক বেশি। ফলে প্রশাসনিক মহলের মতে, এবারের নির্বাচনে কমিশনের কড়াকড়ি ও তৎপরতা নজিরবিহীন।

কমিশনের বক্তব্য, রাজ্যে শান্তিপূর্ণ, ভয়মুক্ত এবং প্রলোভনমুক্ত নির্বাচন নিশ্চিত করতেই এই ধারাবাহিক অভিযান। ভোটের দিন যত এগিয়ে আসবে, ততই নজরদারি আরও বাড়ানো হবে বলেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে কমিশন।