হিঙ্গলগঞ্জ থানার ওসিকে সাসপেন্ড করলো কমিশন, বিভাগীয় তদন্তের নির্দেশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার সরাসরি প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ করা হল। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ সন্দীপ সরকারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন।
শুধু সাসপেনশনই নয়, সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের ওসির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ, স্থানীয় অসাধু চক্র ও রাজনৈতিক মহলের সঙ্গে আঁতাত এবং ভোটের সময় সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখতে ব্যর্থ হওয়ার মতো গুরুতর অভিযোগ জমা পড়েছিল।
গত ২১ এপ্রিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এই সংক্রান্ত একটি বিশদ রিপোর্ট পাঠানো হয় কমিশনে। সেই রিপোর্ট খতিয়ে দেখেই বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দিল্লির নির্বাচন সদন।
কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে স্পষ্টভাবে জানিয়েছেন, সন্দীপ সরকারকে অবিলম্বে তাঁর পদ থেকে সরাতে হবে। শুধু তাই নয়, ২৪ এপ্রিল সকাল ১১টার মধ্যে এই নির্দেশ কার্যকর করার অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে হিঙ্গলগঞ্জ থানার ওসির পদটি শূন্য হয়ে যাওয়ায়, সেখানে দ্রুত নতুন আধিকারিক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, নিরপেক্ষ ও স্বচ্ছ ভাবমূর্তির কোনও অফিসারকেই ওই দায়িত্বে আনার সুপারিশ করতে বলা হয়েছে।
এই ঘটনায় স্পষ্ট বার্তা দিতে চেয়েছে নির্বাচন কমিশন—ভোটে কোনও ধরনের গাফিলতি বা পক্ষপাতদুষ্টতা বরদাস্ত করা হবে না। রাজ্য পুলিশ ও প্রশাসনের কাছে এটি একপ্রকার সতর্কবার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। নির্দেশের কপি ইতিমধ্যেই ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হয়েছে।
এখন নজর হিঙ্গলগঞ্জ ও সংলগ্ন সীমান্ত এলাকায়। কমিশনের এই কড়া পদক্ষেপের পর সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কী পরিবর্তন আসে, সেটাই দেখার।


