ফের ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। সেই প্রেক্ষাপটেই ফের ভারত সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন সূত্রে জানা গিয়েছে, এবারের ব্রিকস সম্মেলনে যোগ দিতেই তাঁর এই সম্ভাব্য সফর। ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের শেষদিকে প্রথমবার ভারতে এসেছিলেন পুতিন, আর বছর ঘুরতে না ঘুরতেই আবার তাঁর নয়াদিল্লি সফরের জোর জল্পনা তৈরি হয়েছে।
BRICS জোটটি গত কয়েক বছরে দ্রুত সম্প্রসারিত হয়েছে। ভারত, ব্রাজিল, রাশিয়া, চিন ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি এখন এই গোষ্ঠীতে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহি। বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার, জ্বালানি নিরাপত্তা এবং উন্নয়নমূলক সহযোগিতাকে কেন্দ্র করে এই মঞ্চ ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আন্তর্জাতিক রাজনীতিতে।
অন্যদিকে, এই জোটকে ঘিরে আপত্তি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর অভিযোগ, ডলারের আধিপত্য কমিয়ে বিকল্প মুদ্রা ব্যবস্থার দিকে এগোতে চাইছে ব্রিকস দেশগুলি। ডলারের বৈশ্বিক প্রভাব বজায় রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেছেন। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাঙ্কের ডিজিটাল মুদ্রা চালুর বিরোধিতাও করেছেন ট্রাম্প। তবে তাঁর এই অবস্থান সত্ত্বেও ব্রিকসের সম্প্রসারণ বা কার্যকলাপে কোনও ভাটা পড়েনি।
এদিকে, আন্তর্জাতিক অস্থিরতার মাঝেও ভারত-রাশিয়া সম্পর্ক আগের মতোই দৃঢ় রয়েছে। জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নয়াদিল্লির পাশে থাকার আশ্বাস দিয়েছে মস্কো। রিপোর্ট অনুযায়ী, ভারতের জলসীমার কাছাকাছি প্রায় ৯৫ লক্ষ ব্যারেল তেল বোঝাই পণ্যবাহী জাহাজ প্রস্তুত রয়েছে, যা প্রয়োজন হলে অল্প সময়ের মধ্যেই ভারতে পৌঁছে দেওয়া সম্ভব।
রাজনৈতিক মহলের মতে, ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনাও প্রবল। সেই বৈঠকে দুই দেশের বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। ফলে আসন্ন ব্রিকস সম্মেলন শুধু বহুপাক্ষিক কূটনীতির ক্ষেত্রেই নয়, ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।


