Saturday, May 2, 2026
FEATUREDLatestরাজ্য​

West Bengal elections 2026: হিংসা রুখতে ২ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে পশ্চিমবঙ্গে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে। হিংসা-মুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজ্যে ন্যূনতম ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দফা কম হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বাহিনীর পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, দুই দফাতেই সম পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার পরিকল্পনা করা হয়েছে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বুথে হাফ সেকশন অর্থাৎ ৪ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আবার কোনও ভোটগ্রহণ কেন্দ্রে দুটি বুথ থাকলে সেখানে ৮ জন কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ এক সেকশন বাহিনী রাখা হবে। এই ব্যবস্থার মাধ্যমেই প্রতিটি বুথে নিরাপত্তা নিশ্চিত করে ভোটগ্রহণ সম্পন্ন করতে চাইছে কমিশন।

ভোট ঘোষণার আগেই রাজ্যে ইতিমধ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কমিশনের নির্দেশে বুথে বুথে রুট মার্চও সম্পন্ন করা হয়েছে। কোন জেলায় কত সংখ্যক বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

দিল্লির ‘নির্বাচন সদন’-এ সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) জানান, দীর্ঘ আলোচনার পর পশ্চিমবঙ্গের ভোটের দফা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নির্বাচন পরিচালনা আরও কার্যকর ও সুবিধাজনক হয়। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্য— অসম, কেরালা, তামিনাড়ু (Assam, Kerala, Tamil Nadu) এবং কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতে (Puducherry) ভোট হবে একদিনেই।

কমিশনের দাবি, ভোটের দিন থেকে শুরু করে ৪ মে গণনা পর্যন্ত পুরো সময়ে রাজ্যে শান্তি বজায় রাখতে এই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনকে উৎসবের মেজাজে সম্পন্ন করাই কমিশনের লক্ষ্য বলে জানান নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, প্রায় ৫০ বছর পর পশ্চিমবঙ্গে দু’দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। শেষবার ১৯৭৭ সালে রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ হয়েছিল— ১১ ও ১৪ জুন। সেই নির্বাচনের পর ২১ জুন জ্যোতি বসুর (Jyoti Basu) নেতৃত্বে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। এরপর দীর্ঘ সময় ধরে রাজ্যে এক দফাতেই ভোটগ্রহণ হয়েছে। যদিও সাম্প্রতিক কয়েকটি বিধানসভা ও লোকসভা নির্বাচনে ৭ থেকে ৮ দফায় ভোট হয়েছে।

এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হবে মাত্র দু’দফায়। তবে দফা কম হলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। সম্ভাব্য হিংসা রুখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১ কোম্পানিতে ৮০ থেকে ১০০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকে।