Friday, May 1, 2026
Latestরাজ্য​

West Bengal Elections 2026: কলকাতার সিপি, রাজ্য পুলিশের ডিজি, পুলিশ কমিশনারকেও সরিয়ে দিল নির্বাচন কমিশন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি–সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে।

সরিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার অজয়কুমার নন্দা। একই সঙ্গে পীযূষ পাণ্ডের পরিবর্তে রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি ও আইজিপি করা হয়েছে ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তাকে।

এছাড়াও এডিজি (আইনশৃঙ্খলা) পদ থেকেও সরানো হয়েছে বিনীত গোয়েলকে। তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন ১৯৯৫ ব্যাচের আইপিএস অফিসার অজয় মুকুন্দ রানাডে। অন্যদিকে, ১৯৯১ ব্যাচের আইপিএস অফিসার নটরাজন রমেশবাবুকে রাজ্যের ডিজি (কারা) পদে নিয়োগ করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সোমবার বিকাল ৩টার মধ্যেই নতুন পুলিশ কমিশনার এবং ডিজিকে দায়িত্ব গ্রহণ করতে হবে।

এর আগেই রবিবার দিল্লি থেকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ‘আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত পরিবেশে অবাধ ভোট করানোই কমিশনের প্রধান লক্ষ্য।’

 

ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের প্রশাসনিক স্তরেও বড় পরিবর্তন আনে নির্বাচন কমিশন। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে যথাক্রমে দুষ্মন্ত নারিওয়াল ও সংঘমিত্রা ঘোষকে ওই পদে আনা হয়।

সেই সময় থেকেই জল্পনা চলছিল, খুব শীঘ্রই পুলিশের শীর্ষ স্তরেও রদবদল হতে পারে। সোমবার সকালে সেই জল্পনাই সত্যি করে কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি–সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে বদল আনল নির্বাচন কমিশন।