Saturday, March 14, 2026
Latestরাজ্য​

পুরনোরা গুরুত্ব পাচ্ছে? ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই তৎপর বিজেপি, ১৫০ আসনে প্রার্থী বাছাই শেষ গেরুয়া শিবিরের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে তার আগেই নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে শুরু করেছে বিজেপি। দলীয় সূত্রে খবর, রাজ্যের প্রায় ১৫০টি বিধানসভা আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম বাছাইয়ের কাজ প্রায় শেষ করে ফেলেছে গেরুয়া শিবির। ভোটের সূচি প্রকাশের পরই ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে।

বিজেপির অন্দরের খবর, এবারের নির্বাচনে বর্তমান বিধায়কদের বড় অংশই আবার টিকিট পেতে পারেন। সূত্রের দাবি, প্রায় ৮৭ থেকে ৮৮ শতাংশ বিধায়ককে পুনরায় প্রার্থী করার বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে দলের। তবে কয়েকজন বিধায়ক ব্যক্তিগত কারণ, বয়সজনিত সমস্যা কিংবা শারীরিক অসুস্থতার জন্য এবার আর ভোটের লড়াইয়ে নামতে চাননি বলেই জানা গেছে।

এর পাশাপাশি নতুন মুখকে সামনে আনার পরিকল্পনাও রয়েছে বিজেপির। বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে জনপ্রিয় এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য এমন কয়েকজন নতুন মুখকে প্রার্থী করার বিষয়েও আলোচনা চলছে বলে দলীয় সূত্রের দাবি।

এই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সম্প্রতি দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মতো শীর্ষ নেতারা। বৈঠকে বিভিন্ন আসনের রাজনৈতিক সমীকরণ এবং সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক মহলের ধারণা, খুব শিগগিরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সম্ভবত ১৬ মার্চের মধ্যেই ভোটের সূচি প্রকাশ করা হতে পারে। একই সঙ্গে তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরির নির্বাচন সূচিও একসঙ্গে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত করে বিজেপি যে আগাম নির্বাচনী কৌশল সাজাতে শুরু করেছে, তা স্পষ্ট। এতে ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচারে নেমে পড়ার সুবিধা পাবে দল বলে মনে করছে রাজনৈতিক মহল।