Thursday, February 12, 2026
Latestদেশ

Vande Mataram: ‘বন্দে মাতরম’ গাওয়া বা বাজানো হলে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে, নির্দেশিকা জারি কেন্দ্রের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর মর্যাদা ও শালীনতা বজায় রাখতে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার সকালে প্রকাশিত এই নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় গান-এর অফিশিয়াল সংস্করণ গাওয়া বা বাজানো হলে উপস্থিত সকলকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এবং জাতীয় গান ‘বন্দে মাতরম’ একসঙ্গে পরিবেশিত হলে আগে গাওয়া হবে ‘বন্দে মাতরম’। তার পর গাওয়া হবে জাতীয় সঙ্গীত। অনুষ্ঠান চলাকালীন শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখা বাধ্যতামূলক বলেও নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে।

তবে একটি ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। যদি কোনও নিউজরিল, তথ্যচিত্র বা সিনেমার অংশ হিসেবে ‘বন্দে মাতরম’ প্রদর্শিত হয়, সে ক্ষেত্রে দর্শকদের দাঁড়ানো বাধ্যতামূলক নয়। কারণ এতে প্রদর্শনীতে ব্যাঘাত ঘটতে পারে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে বলে মন্ত্রকের মত।

নতুন নির্দেশিকা অনুযায়ী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবকই বাজানো হবে। উল্লেখযোগ্যভাবে, ১৯৩৭ সালে কংগ্রেস আমলে যে চারটি স্তবক বাদ দেওয়া হয়েছিল, সেগুলিও এ বার অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

এ ছাড়া, পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং রাষ্ট্রপতি উপস্থিত থাকেন এমন সব সরকারি অনুষ্ঠানে আগমন ও প্রস্থানের সময় ‘বন্দে মাতরম’ বাজানো হবে বলে জানানো হয়েছে। জাতীয় গান পরিবেশন করতে হবে অফিশিয়াল সংস্করণ অনুযায়ী গণসঙ্গীতের আকারে, যাতে উপস্থিত সকলে একসঙ্গে অংশ নিতে পারেন।

স্কুলগুলির প্রতিও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে তাদের কর্মসূচিতে জাতীয় গান ও জাতীয় সঙ্গীত জনপ্রিয় করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের প্রতি সম্মানবোধ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।

কেন্দ্রের দাবি, নাগরিকদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা এবং জাতীয় প্রতীকের প্রতি সম্মান আরও সুদৃঢ় করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।