Monday, February 9, 2026
Latestরাজ্য​

বেআইনি নির্মাণে প্রতিবাদ, TMC কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ব্যারাকপুরে অবৈধ নির্মাণকে কেন্দ্র করে চরম উত্তেজনা। অভিযোগ, উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পেশায় আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের লাথির আঘাতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের মনিরামপুর এলাকায়। মৃত বৃদ্ধের নাম তুলসী অধিকারী। পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ির সামনে বেশ কিছুদিন ধরে অবৈধ নির্মাণ চলছিল। শনিবার সেই নির্মাণকাজে বাধা দেন তুলসী অধিকারী। অভিযোগ, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

পরিবারের দাবি, সেখানে পৌঁছেই তুলসী অধিকারী ও তাঁর ছেলে হেমন্ত অধিকারীর উপর চড়-ঘুষি মারতে শুরু করেন কাউন্সিলর। অভিযোগ অনুযায়ী, একাধিকবার মারধরের পর বৃদ্ধ তুলসী অধিকারীকে লাথি মারা হয়। সেই আঘাতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর তড়িঘড়ি তাঁকে বারাকপুর ক্যান্টনমেন্টের জগদীশচন্দ্র বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, একজন নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। অনেকেই ঘটনার পুনর্নির্মাণ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কাউকে মারধর করিনি। রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে বদনাম করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সম্ভাব্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

প্রশ্ন উঠছে একজন জনপ্রতিনিধি কিভাবে বৃদ্ধের বুকে লাথি মারতে পারেন? আর চড়-লাথির জেরেই কী প্রাণ গেল বৃদ্ধের?