‘ভারতের সাফল্য মানেই এশিয়ার সাফল্য’, মালয়েশিয়ায় বললেন মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের সাফল্য শুধু ভারতের একার নয়, তা মালয়েশিয়া এবং গোটা এশিয়ার সাফল্য—এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালয়েশিয়ায় দু’দিনের সফরে গিয়ে কুয়ালালামপুরে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মোদী ভারত–মালয়েশিয়া সম্পর্কের গভীরতা ও বহুমাত্রিক সহযোগিতার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ভারত ও মালয়েশিয়া একে অপরের সাফল্যকে নিজেদের সাফল্য হিসেবেই উদযাপন করে। চন্দ্রযান-৩ অভিযানের সাফল্যের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শুভেচ্ছা বার্তায় তিনি বিশেষভাবে আপ্লুত হয়েছেন বলেও জানান মোদী। তাঁর কথায়, “ভারতের সাফল্য মালয়েশিয়ার সাফল্য, আর সেটাই এশিয়ার সাফল্য।”
দ্বিপাক্ষিক সম্পর্কের দিশা ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী ‘IMPACT’-এর কথা তুলে ধরেন। তিনি বলেন, IMPACT অর্থাৎ India-Malaysia Partnership for Advancing Collective Transformation—এই ভাবনাই দু’দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে। সম্পর্কের গতি, উচ্চাকাঙ্ক্ষার পরিসর এবং সাধারণ মানুষের উপকার—এই তিন ক্ষেত্রেই IMPACT গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান তিনি।
অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার প্রসঙ্গেও আলোকপাত করেন প্রধানমন্ত্রী। মোদী জানান, বর্তমানে মালয়েশিয়ায় ১০০টিরও বেশি ভারতীয় আইটি সংস্থা কাজ করছে, যার ফলে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি ডিজিটাল সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী ঘোষণা করেন, খুব শিগগিরই মালয়েশিয়ায় ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই (UPI) চালু হতে চলেছে। এই ঘোষণায় সভাস্থলে উপস্থিত প্রবাসী ভারতীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
মানুষে-মানুষে সম্পর্ককেই ভারত–মালয়েশিয়া বন্ধুত্বের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে মোদী বলেন, দুই দেশ একই ভারত মহাসাগরের নীল জলে যুক্ত। ভৌগোলিক ও সাংস্কৃতিক এই সংযোগ সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তিনি প্রবাসী ভারতীয়দের পাশাপাশি তাঁদের মালয়েশীয় বন্ধুদেরও ভারত ভ্রমণের আমন্ত্রণ জানান।
ভারতের অভ্যন্তরীণ উন্নয়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। গত এক দশকে ভারতের পরিকাঠামোগত উন্নয়ন অভূতপূর্ব বলে মন্তব্য করে তিনি জানান, দেশের বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ হয়েছে, দ্রুত গতিতে তৈরি হচ্ছে জাতীয় সড়ক, আর বন্দে ভারত-এর মতো আধুনিক ট্রেন আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পাচ্ছে।
অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গে মোদী বলেন, এক সময় বিশ্বের একাদশ বৃহত্তম অর্থনীতি থাকা ভারত এখন শীর্ষ তিনে পৌঁছনোর পথে। ‘মেক ইন ইন্ডিয়া’র মতো উদ্যোগ পরিণত হয়েছে এবং ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদক দেশ।
উল্লেখ্য, ভারত–মালয়েশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে অর্থনৈতিক, ডিজিটাল, সাংস্কৃতিক ও মানুষে-মানুষে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই দু’দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


