SIR-এর হেয়ারিং তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে SIR-এর শুনানি পর্বে নজরদারি জোরদার করতে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগের নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুক্রবার এই সংক্রান্ত নির্দেশিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতরের কাছে পাঠানো হয়েছে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, বিভিন্ন শুনানিকেন্দ্রে মাইক্রো অবজার্ভারের দায়িত্বে থাকবেন মূলত কেন্দ্রীয় সরকারের গ্রুপ ‘বি’ বা তার ঊর্ধ্বতন স্তরের আধিকারিকরা। কেন্দ্রীয় সরকারি দফতর ও প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকদেরও এই কাজে নিয়োগ করা হতে পারে। এর আগে ১২ ডিসেম্বর মাইক্রো অবজার্ভার নিয়োগের বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল সিইও দফতর। শুক্রবার সেই চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়ে অনুমোদন জানাল কমিশন।
নির্দেশে বলা হয়েছে, এসআইআর শুনানি পর্বে নির্বাচনী আধিকারিক (ইআরও) এবং সহকারী নির্বাচনী আধিকারিকদের (এইআরও) কাজকর্মের উপর নজর রাখবেন মাইক্রো অবজার্ভাররা। তাঁদের মূল দায়িত্ব হবে শুনানির প্রতিটি ধাপ স্বচ্ছ ও নিয়মমাফিক হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা। ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধনের কাজে সহযোগিতা করবেন তাঁরা
শুনানির সময় এনুমারেশন ফর্ম, ভোটারদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত শংসাপত্র এবং সংশোধনের জন্য উপস্থিত ভোটারদের জমা দেওয়া নথি যাচাইয়ের দায়িত্বও থাকবে মাইক্রো অবজার্ভারদের উপর। রাজ্যের সিইও-র সরাসরি তত্ত্বাবধানে তাঁরা এই কাজ করবেন।
কমিশন জানিয়েছে, এই নজরদারি ব্যবস্থার জন্য মাইক্রো অবজার্ভারদের ৩০ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।


