টার্গেট ২০২৭, গুজরাট মন্ত্রীসভায় ব্যাপক রদবদল, উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি, মন্ত্রী হলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গুজরাট মন্ত্রীসভায় ব্যাপক রদবদল। নতুন করে শপথ নিলেন ২৫ জন বিধায়ক। তার মধ্যে নতুন করে মন্ত্রী হয়েছেন ১৯ জন। মন্ত্রী হয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী তথা গুজরাটের জামনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক রিভাবা জাদেজাও (Rivaba Jadeja)।
হর্ষ সাংঘভি গুজরাটের নতুন উপমুখ্যমন্ত্রী
শুক্রবার রাজ্যপাল আচার্য দেবব্রত রাজভবনে নবগঠিত ভূপেন্দ্র প্যাটেল নেতৃত্বাধীন মন্ত্রীসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। হর্ষ সাংঘভি গুজরাটের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
নতুন করে ১৯ জন মন্ত্রীত্ব পেলেন
এর আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া গুজরাটের সম্পূর্ণ মন্ত্রিসভা পদত্যাগ করে। শুক্রবারের শপথগ্রহণে মোট ২৫ জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁদের মধ্যে ৬ জন আগের মন্ত্রিসভায় ছিলেন। অর্থাৎ নতুন করে ১৯ জন মন্ত্রীত্ব পেলেন।
সূত্র অনুযায়ী, মুখ্যমন্ত্রী প্যাটেল নিজেই নবনিযুক্ত প্রতিটি মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাঁদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবর জানান। শপথের আগে ভূপেন্দ্র প্যাটেল রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন।
টার্গেট ২০২৭
রাজনৈতিক মহলের মতে, নতুন এই মন্ত্রিসভা গুজরাটে ২০২৭ বিধানসভা নির্বাচন ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্ত্রীসভার সম্প্রসারণ
উল্লেখ্য, গুজরাট বিধানসভার মোট সদস্য সংখ্যা ১৮২। সর্বাধিক ২৭ জন মন্ত্রী থাকতে পারেন। আগের মন্ত্রীসভায় ১৭ জন সদস্য ছিলো। অর্থাৎ মন্ত্রীসভার সম্প্রসারণ হলো।


