Wednesday, April 15, 2026
আন্তর্জাতিক

মিশরের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মোদীর মুকুটে নয়া পালক। এবার মিশরের সর্বোচ্চ সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বর্তমানে ২ দিনের মিশর সফরে রয়েছেন মোদী। আর রবিবার তাঁর হাতে ‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মান তুলে দেন মিশরের প্রেসিডেন্ট আবদেল আল ফাট্টা সিসি। মোদীই প্রথম ভারতীয় যিনি এই সম্মান পেলেন।


উল্লেখ্য, ২৬ বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফরে গেলেন। শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা নাগাদ কায়রো বিমানবন্দরে পৌঁছায় নরেন্দ্র মোদীর বিমান। বিমানবন্দরে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মদবৌলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। বিমানবন্দরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।

মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণে ২ দিনের সফরে নীলনদের দেশে মোদী। বিমানবন্দরে একে অপরকে আলিঙ্গন করেন মোদী এবং মোস্তফা। দুই রাষ্ট্রনেতার বৈঠকের আগে মিশরের এই সম্মানে আপ্লুত নয়াদিল্লি। এর প্রভাব দুই প্রধানমন্ত্রীর বৈঠকে পড়বে বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।