Saturday, April 18, 2026
দেশ

‘যারা অশান্তি পাকানোর চেষ্টা করছে তাদের উপর নজর রাখুন’, হনুমান জয়ন্তী উপলক্ষে কড়া বার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাম নবমীর শোভাযাত্রায় দেশের বিভিন্ন স্থানে অশান্তির ঘটনা ঘটেছিল। এরপরেই নড়েচড়ে বসলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। তার আগে বুধবার বিশেষ অ্যাডভাইজরি জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

অমিত শাহের মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আইন ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর টুইটে বলেছে, “রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলিকে আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণভাবে উৎসব পালন এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করতে পারে এমন যে কোনও কিছুর উপর নজরদারি নিশ্চিত করতে বলা হচ্ছে।”

এদিকে, কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। রাজ্য জানিয়েছে, পশ্চিমবঙ্গে হনুমান জয়ন্তীর শোভাযাত্রার জন্য ২০০০ আবেদন জমা পড়েছে।