Friday, May 1, 2026
দেশ

‘এত পশ্চিমবঙ্গের মতোই অবস্থা’, ত্রিপুরায় অভিষেকের কনভয়ে হামলা

আগরতলা: টানা তৃতীয়বার বাংলা বিজয়ের পর সোমবার ত্রিপুরা সফরে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সালে ত্রিপুরা বিধানসভা ভোট, তার আগে দলের প্রস্তুতি খতিয়ে দেখতে এই সফর তাঁর। তবে প্রথমবার দলীয় কর্মসূচি নিয়ে ত্রিপুরায় যাওয়ার পর বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক। অভিযোগ, ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে তার কনভয়ের উপর লাঠিসোটা নিয়ে চড়াও হয় একদল দুষ্কৃতী।

সাংবাদিক বৈঠকে তার কনভয়ে হামলার প্রসঙ্গে তিনি বলেন, আমাকে মন্দিরে যাওয়া আটকাতে এই হামলা চালানো হয়। আমার তিন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। কিন্তু তাতেও আমাকে আটকানো যায়নি। যাবেও না। আমরা লোহার মতো, যত তাতাবে তত শক্ত হবে।

অভিষেককে লক্ষ করে মন্দির চত্বরে ও বিজেপি সমর্থকরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে। তৃণমূলের দলীয় পতাকা ছিড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। দেখানো হয় কালো পতাকা। বিশ্রামগঞ্জের কাছে অভিষেকের কনভয়ের একটি গাড়ির ওপর হামলা করা হয়। লাঠিসোটা নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। এই ঘটনার ভিডিও টুইট করে অভিষেক লিখেছেন, অতিথি দেব ভব’র উদাহরণ আজ ত্রিপুরা এসে দেখলাম। কটাক্ষের সুরে বলেন, রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

এদিকে, অভিষেকের গাড়িতে হামলার ঘটনায় পাল্টা তৃণমুলকেই আক্রমণ করল বঙ্গ বিজেপি। তাদের তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতা-মন্ত্রীদের সাথে এমন আচরণ রোজ করে থাকে রাজ্যের শাসক দল তৃণমূল। এখন দেখা যাচ্ছে তৃণমূলের হিংস্র কর্মীদেরকে ত্রিপুরায় পাঠানো হয়েছে। অপেক্ষা করুন, কিছুদিন পর পশ্চিমবঙ্গের মানুষেরাও তৃণমূল নেতাদের সঙ্গে এরকমই ব্যবহার করবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী নেতাদের গাড়িতে হামলার ঘটনা নতুন নয়, এর আগে বহুবার এই ঘটনা সামনে এসেছে। এবার ত্রিপুরায় গিয়ে তৃণমূলই আক্রান্ত হল।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।