দিল্লিতে আমি ‘বহিরাগত’, মুখ ফসকে বলে ফেললেন মমতা
নয়াদিল্লি: কেন্দ্রের মোদী সরকারকে ভারত থেকে উৎখাত করতে বিজেপি বিরোধী তৈরির ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টার্গেট ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। সেই লক্ষ্যে রণনীতি প্রস্তুত করতে বর্তমানে পাঁচদিনের সফরে দিল্লি রয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে সাংবাদিকদের সামনে বলতে গিয়ে মস্তবড় ভুল করে বসলেন তিনি। দিল্লি সফরে গিয়ে নিজেই নিজেকে ‘বহিরাগত’ বলে বসলেন মমতা।
মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি। নমোর সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাতের বিষয়ে মমতা বলেন, রাষ্ট্রপতির সাথেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে আমার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে। আমি ভ্যাকসিনের দুটো ডোজই নিয়েছি। কিন্তু তারপরেও রাষ্ট্রপতি ভবনের তরফে বলা হচ্ছে, PTPCR পরীক্ষার রিপোর্ট লাগবে। আমি এখন কোথা থেকে কিভাবে পরীক্ষা করব? আমি তো এখানে ‘বহিরাগত’।
‘বহিরাগত’ মন্তব্যের পরে নিজের ভুল বুঝতে পারেন। তাই পরিস্থিতি সামাল দিতে ঢোঁক গিলে তৃণমূল নেত্রী বলেন, না মানে আমার বাড়ি রয়েছে এখানে।
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে ‘বহিরাগত’ মন্তব্যে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি। দিল্লির কেন্দ্রীয় নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কেউই বাদ যাননি মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বহিরাগত’ আক্রমণ থেকে। এবার দিল্লিতে গিয়ে নিজেই নিজেকে ‘বহিরাগত’ বলে দাবি করলেন।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

