প্রি-কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু
টোকিও: ভারতীয় শাটলার পিভি সিন্ধুর জয়ের ধারা অব্যহত। টোকিও অলিম্পিকের টানা দুই ম্যাচে জিতলেন তিনি। প্রতিপক্ষ হংকংয়ের এনওয়াই চেয়ুঙ্গকে ২১-৯, ২১-১৬ ব্যবধানে উড়িয়ে দেন তিনি। ইজরায়েলের প্রতিপক্ষ পলিকারপভা সেনীয়াকের বিরুদ্ধে ২১-৭, ২১-১০ ব্যবধানে জয়লাভ করেন পিভি সিন্ধু। যার ফলে নিজের গ্রুপ থেকে সেরা হয়ে শেষ ১৬-র টিকিট পেলেন সিন্ধু।
এবার সিন্ধুর প্রতিপক্ষ হবেন বিশ্বের ১২ নম্বর তারকা ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ড। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ৭ নম্বর তারকা শাটলার পিভি সিন্ধু। ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ হবেন জাপানের আকানে ইয়ামাগুচি।
এদিন ম্যাচ জেতার পর সিন্ধু বলেন, অ্যাথলিটদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে আমি শারীরিক ও মানসিক ভাবে দারুণ আছি। ধ্যানের মাধ্যমেই এই জায়গায় পৌঁছতে পেরেছি। উল্লেখ্য, মানসিক স্বাস্থ্যের কারণে বিশ্বনন্দিত জিমন্যাস্ট সিমন বাইলস (Simone Biles) আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।
টোকিও অলিম্পিকে খেলতে নামার আগে সিন্ধু মোটিভেশন খুঁজেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে। টোকিও’র উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সিন্ধু বলেছিলেন, রোনাল্ডো যেভাবে খেলেন, তা নিয়ে মুগ্ধতা প্রকাশ করার ভাষা নেই। ওঁর দক্ষতা, খেলার কৌশল দুর্ধর্ষ।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

