Thursday, April 30, 2026
দেশ

কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী লিঙ্গায়ত নেতা বাসবরাজ বোম্মাই

বেঙ্গালুরু: কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে বাসবরাজ বোম্মাইকে বেছে নিল বিজেপি। বিএস ইয়েদুরাপ্পা ইস্তফা দেওয়ার পর মঙ্গলবার কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বৈঠকে বসে বিজেপি। ওই বৈঠকেই সর্বসম্মতিক্রমে বাসবরাজ বোম্মাইকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। বুধবার সকাল ১১ টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘনিষ্ঠ এই বিজেপি নেতা।

কর্ণাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পারও ইচ্ছা ছিল বোম্মাইকে পরবর্তী মুখ্যমন্ত্রী পদে দেখার। তাঁর ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে বোম্মাইয়ের নাম চূড়ান্ত করল বিজেপি। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক এবং পরিষদীয় মন্ত্রী পদে ছিলেন তিনি। বাসবরাজ বোম্মাইয়ের বাবা এস আর বোম্মাই ১৯৮০-র দশকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন।

পেশায় ইঞ্জিনিয়ার টাটা গোষ্ঠীতে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। বর্তমানে তিনি কর্ণাটকের লিঙ্গায়ত সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় নেতা। ২০০৮ সালে জেডিইউ ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। কর্ণাটকের বিধান পরিষদে দু’বার এবং বিধানসভায় তিন বারের বিধায়ক বাসবরাজ বোম্মাই।

১৯৬০ সালের ২৮ জানুয়ারি লিঙ্গায়েত সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন বাসবরাজ বোম্মাই। তাঁর বাবা সোমাপ্পা রায়াপ্পা বোম্মাই কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৮৮ সালের ১৩ আগস্ট থেকে ১৯৮৯ সালের ১৩ এপ্রিল পর্যন্ত মুখ্যমন্ত্রী কুর্সিতে ছিলেন সোমাপ্পা রায়াপ্পা বোম্মাই। এবার ছেলে বাবার চেয়ারে বসতে চলেছেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।