Wednesday, March 4, 2026
রাজ্য​

রোগী দেখার পাশাপাশি ওষুধ-খাবারের ব্যবস্থা করছেন বারাসাতের চিকিৎসক কৌশিক মিশ্র

বারাসাত: করোনার বিরুদ্ধে একদম প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন চিকিৎসকরা। মৃত্যুর ভয়কে উপেক্ষা করে দিনরাত রোগীদের সেবা করে চলেছেন তাঁরা। তবে করোনাকালে অনেক চিকিৎসকই সরাসরি করোনা রোগী দেখছেন না। অনলাইনে চিকিৎ‍সার উপায় বলে দিচ্ছেন। সেদিক দিয়ে একেবারেই ব্যতিক্রম বারাসাতের চিকিৎসক কৌশিক মিশ্র (Dr. Kaushik Misra)।

তিনি শুধু সরাসরি করোনা রোগীদের দেখাই নয়, সেইসঙ্গে নিজেই ওষুধ থেকে খাবার সবকিছুর ব্যবস্থাও করছেন। শুধু করোনা রোগী দেখাতেই থেমে থাকছে না তাঁর কর্তব্য। সমাজের উদ্দেশ্যে বার্তা দেওয়ার লক্ষ্যে নিজেই রোগীর কাছে পৌঁছে দিচ্ছেন খাবার-ওষুধ।

প্রাথমিক চিকিৎসা পেলে করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা কম খারাপ হয়। তাই চেম্বারে সরাসরি করোনা রোগী দেখছেন কৌশিক মিশ্র। রোগী দেখার কাজে তাঁকে সহযোগিতা করছেন এলাকারই দন্ত চিকিৎসক সুমিতকুমার সাহা। রোগীদের কাছে পৌঁছে দিচ্ছেন ওষুধ-খাবার।

কৌশিক মিশ্র বলেন, আক্রান্ত হওয়ার প্রথম দিকে রোগীকে সরাসরি দেখলে, সঠিক চিকিৎসা করতে পারলে, ওষুধ দিলে পরিস্থিতি খারাপ হয় না, হাসপাতালের উপর চাপ কম পড়ে।

Featured Image- ABP Live