Monday, March 9, 2026
Latestরাজ্য​

SIR আবহে CAA -এর শংসাপত্র পেলেন পূর্ব বর্ধমানের মেমারীর ২১ জন আবেদনকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (SIR) ইস্যু ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের আবহেই পূর্ব বর্ধমানের মেমারীতে বিতরণ করা হল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA)–র শংসাপত্র। মেমারীর পারিজাত নগর এলাকায় মোট ২১ জন আবেদনকারীর হাতে এই শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে ৭ জন গত ডিসেম্বর মাসেই নাগরিকত্বের শংসাপত্র পেয়েছিলেন। বাকি আবেদনকারীরা গত কয়েক দিনের মধ্যেই সেই স্বীকৃতি পেয়েছেন।

ভোটের আগে এই শংসাপত্র বিতরণকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ। দীর্ঘদিনের অপেক্ষার পর ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি পেয়ে স্বস্তি ও আনন্দে ভাসছেন পারিজাত নগরের বাসিন্দারা। বহু বছর ধরে ভারতে বসবাস করলেও নাগরিকত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়ায় নানা সমস্যার মুখে পড়তে হত বলে জানিয়েছেন শংসাপত্রপ্রাপকদের একাংশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিএএ-র অধীনে প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের উদ্বাস্তুরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। মেমারীতে যাঁরা শংসাপত্র পেয়েছেন, তাঁদের অধিকাংশই বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে ভারতে এসেছিলেন এবং দীর্ঘদিন ধরে এখানেই বসবাস করছেন।

এই প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত সদস্য হরিদাস মণ্ডল বলেন, “উদ্বাস্তু হিন্দুদের কোনও চিন্তার কারণ নেই। সিএএ-র মাধ্যমে তাঁরা আইনত ভারতীয় নাগরিকত্ব পাবেন। এতদিন কাগজপত্রের জটিলতার কারণে অনেকের নাগরিকত্ব পেতে দেরি হচ্ছিল। এই আইনের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে।”

অন্যদিকে, শংসাপত্রপ্রাপকদের অনেকেই জানান, বহু বছর ধরে তাঁরা নাগরিকত্বের আশায় অপেক্ষা করছিলেন। অবশেষে সেই স্বীকৃতি হাতে পেয়ে তাঁরা অত্যন্ত খুশি ও আবেগাপ্লুত। তাঁদের আশা, সিএএ-র মাধ্যমে যাঁদের আবেদন এখনও প্রক্রিয়াধীন রয়েছে, তাঁরাও শীঘ্রই নাগরিকত্বের শংসাপত্র পাবেন।

স্থানীয়দের মতে, দীর্ঘ প্রতীক্ষার পর নাগরিকত্বের স্বীকৃতি পাওয়ায় পারিজাত নগর এলাকায় নতুন আশার সঞ্চার হয়েছে। এখন নজর রয়েছে বাকি আবেদনকারীদের নাগরিকত্ব প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয় তার দিকে।