Tuesday, March 10, 2026
Latestবিনোদন

120 Bahadur : দিল্লিতে করমুক্ত ‘১২০ বাহাদুর’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফারহান আখতারের সিনেমা ‘১২০ বাহাদুর’ (120 Bahadur)-কে দিল্লিতে করমুক্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ১৯৬২ সালের রেজাং লা যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত এই যুদ্ধ-চলচ্চিত্র ইতিমধ্যেই দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। যদিও বক্স অফিসে ছবির সাড়া তুলনামূলক কম, তবুও বিষয়বস্তুর গভীরতা ও বীরত্বের উপস্থাপনা সিনেমাটিকে আলাদা মর্যাদা দিয়েছে।

এক সপ্তাহে ছবিটির আয় প্রায় ১৫ কোটি টাকা। যুদ্ধবীরদের গল্প তুলে ধরার সাহসী প্রচেষ্টাকে সম্মান জানিয়ে দিল্লি সরকার ছবিটি করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

রজনীশ ঘাই পরিচালিত ‘১২০ বাহাদুর’ ছবিতে তুলে ধরা হয়েছে ১৩ কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির ১২০ জন ভারতীয় জওয়ানের ঐতিহাসিক আত্মত্যাগ ও বীরত্বের কাহিনি। ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধে রেজাং লা-য় অভূতপূর্ব সাহসিকতার পরিচয় দেন এই সৈন্যরা। সেই যুদ্ধে ১১৪ জন জওয়ান শহিদ হন, আর মেজর শয়তান সিং ভাটির নেতৃত্ব ইতিহাসে অমর হয়ে থাকে। এই বীরত্বকেই বড় পর্দায় শ্রদ্ধার সঙ্গে পুনর্নিমাণ করেছে নির্মাতারা।

ফারহান আখতারের অভিনয় এবং ছবির দেশাত্মবোধক আবহ বিশেষভাবে মন জয় করেছে রাজনৈতিক মহলেও। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা লিখেছেন, “১২০ বাহাদুর’ একটি ঐতিহাসিক যুদ্ধের ছবি, যা চার্লি কোম্পানির জওয়ানদের অসামান্য সাহসকে সম্মান জানায়। ভারতের সশস্ত্র বাহিনীর ইতিহাসে মেজর শয়তান সিং ভাটির নেতৃত্বের গৌরবময় আখ্যানের দলিল এই সিনেমা। সেই বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৮ নভেম্বর থেকে দিল্লিতে ছবিটি করমুক্ত ঘোষণা করা হলো। ছবির সম্পূর্ণ টিমকে অভিনন্দন।”

দিল্লি সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজধানীর দর্শকরা এখন আরও কম খরচে সিনেমাটি দেখতে পারবেন। দেশপ্রেম এবং ঐতিহাসিক যুদ্ধগাথা ছড়িয়ে পড়বে সকলের মধ্যে!