মমতার ‘কার্টুন’ ফেসবুকে পোস্ট করে গ্রেফতার হয়েছিলেন, ১১ বছর পর অব্যাহতি পেলেন অম্বিকেশ মহাপাত্র
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুন ফেসবুকে পোস্ট করার অপরাধে গ্রেফতার করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। সেই মামলা থেকে দীর্ঘ ১১ বছর পর অব্যাহতি পেলেন তিনি।
২০১২ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় FIR দায়ের করা হয়েছিল। সেই মামলা থেকে তাঁকে অব্যাহতি দিল আলিপুর আদালত। আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এই জয়কে তিনি গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেছেন।
তিনি জানান, প্রায় ১১ বছর আগে মুখ্যমন্ত্রীর সচিবালয়, পুলিশ মিলে ষড়যন্ত্র করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আমার পরিবারকে হয়রানি করা হয়েছিল। তাঁকে মারধর করা, লকআপে সারারাত আটকে রাখা হয়েছিল। সুপ্রিম কোর্ট ওই ফৌজদারী মামলা বাতিল করা সত্ত্বেও এত বছর ধরে এই মামলা চালানো হচ্ছিল। এরপর মামলা থেকে নিষ্কৃতি পেতে জেলা আদালতে আবেদন করেন তিনি। সেখানেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। তাঁর বন্ডের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অম্বিকেশ মহাপাত্র দাবি করেন, ওটা একটা বুদ্ধিদীপ্ত কার্টুন ছিল। আমি শেয়ার করেছিলেন, এই অপরাধে পুলিশ আমাকে তুলে নিয়ে গিয়েছিল। এর থেকে বড় অপদার্থতা আর কিছু হতে পারে না। মানবাধিকার কমিশনের বক্তব্যকেও মান্যতা দেয়নি রাজ্য সরকার।

