নাড্ডার সঙ্গে বৈঠক, অমিত-দিলীপের সাথে ফোনে কথা, বিজেপিতেই থাকার ইঙ্গিত বাবুলের
কলকাতা: দু’বারের সাংসদের রাজনীতি ছাড়া নিয়ে ফেসবুক পোস্ট ঘিরে কার্যত ঝড় ওঠে রাজনৈতিক মহলে, এমনকি বিজেপির অন্দরেও। শনিবার বিকালে বাবুল সুপ্রিয় ফেসবুক পোস্টের মাধ্যমে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। তবে রাতে নতুন করে লেখেন, ‘সারাজীবন একটাই দলকে সাপোর্ট করেছি, সেটা হলো বিজেপি।
জানা গেছে, শনিবার রাতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দিল্লিতে বৈঠক হয় বিজেপি নেতা বাবুলের। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও রাতে ফোনে কথা হয়েছে বাবুলের। বৈঠকের পর বিজেপি ছাড়ার সিদ্ধান্ত বদলের ইঙ্গিত দিয়েছেন বাবুল।
বিজেপিতে থাকার ইঙ্গিত দেওয়ার আগে ফেসবুকে দিলীপ ঘোষ ও তৃণমূল নেতা কুণাল ঘোষকে কটাক্ষ করেন তিনি।
বাবুলের রাজনীতি ছাড়ার ঘোষণা দিলীপ ঘোষ বলেন, মাসির গোঁফ হলে তবেই মাসি বলব না মেসো বলব, তা ঠিক করব। আগে তো মাসির গোঁফ হোক।
এদিকে, তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ টুইটে লেখেন, লোকসভা চলছে। স্পিকার বসে আছেন। সেখানে ইস্তফা না দিয়ে ফেসবুকে নাটক। ছাড়ার ইচ্ছে নেই। দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা। শোলে-তে জলে ট্যাঙ্কে উঠে ধর্মেন্দ্র আত্মহত্যার হুমকির মতো। আসলে উনি গান করতেন। এখন নাটক করছেন।
দু’জনের বক্তব্যের স্কিনসট শেয়ার করে বাবুল লেখেন, কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী ভাষার ব্যবহার করেছেন…অন্তত দেখুন, এই ধরনের ব্যক্তিত্ব এবং নির্বোধের মতো মন্তব্যের সঙ্গে তো আর রোজ রোজ ডিল করতে হবে না…নীচে দু’টি টাটকা উদাহরণ দিলাম…প্রথম উক্তিটির সৌজন্যে শ্রী কুণাল ঘোষ আর দ্বিতীয়টির শ্রীমান দিলীপ ঘোষ…।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

