ধ্বংসস্তূপে আটকে পড়া মহিলাদেরও উদ্ধার করুন, উদ্ধারকাজে নারীদেরও সামিল করুন, তালিবানের কাছে আর্জি হু-র
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আফগানিস্তানে চলমান মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে। গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের বিভিন্ন এলাকায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২০০ ছাড়িয়ে গিয়েছে। আহত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখনও অসংখ্য মানুষ উদ্ধার হওয়ার অপেক্ষায় রয়েছেন। কিন্তু অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতেও তালিবান সরকারের কঠোর বিধিনিষেধ মানবিক সহায়তা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বিশেষ করে মহিলা উদ্ধারকর্মীদের ক্ষেত্রেই ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই পরিবারের পুরুষ সদস্য না হলে মহিলাদের সহায়তায় সরাসরি কাজ করতে নিষেধ রয়েছে।
এই অবস্থা সংকটময় বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আফগান তালিবান সরকারের কাছে বিশেষ আবেদন জানিয়েছে। হু-র সহকারী প্রতিনিধি মুক্তা শর্মা রয়টার্সের কাছে বলেন, “এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন মহিলা উদ্ধারকর্মীদের। আফগান কর্তৃপক্ষের কাছে অনুরোধ, অসহায় মহিলাদের উদ্ধার এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে মহিলা উদ্ধারকর্মীদের পুরুষ অভিভাবক ছাড়াই কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হোক।”
তালিবান সরকারের নিয়ম অনুযায়ী, কোনো নারীকে ছোঁয়া হারাম। শুধুমাত্র পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেই স্পর্শ বৈধ। জরুরি পরিস্থিতিতেও এই নিয়মের ব্যতিক্রম করা যাবে না বলে তারা ঘোষণা করেছে। ফলশ্রুতিতে, ভূমিকম্পে বিপর্যস্ত এলাকায় পুরুষ উদ্ধারকর্মীরা শুধুমাত্র পুরুষদেরই হাসপাতালে নিয়ে যেতে পারছেন। যার ফলে মহিলাদের করুণ অবস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মনে করছে, এ ধরনের নিষেধাজ্ঞা মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক নীতির পরিপন্থী। তাদের বক্তব্য, মহিলাদের উদ্ধারকাজে সম্পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে বিপর্যস্ত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হবে এবং প্রাণহানির পরিমাণ আরও বাড়বে।


