Budget 2026: বাজেটে দাম বাড়ল মদ, সিগারেট, পান মসলা, তামাকজাত পণ্যের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ কোন কোন পণ্যের দাম কমলো-বাড়লো?
যেসব জিনিসের দাম কমতে পারে
খেলাধুলার উপর বিশেষ জোর এবং ‘খেলো ইন্ডিয়া’ মিশনের ঘোষণার ফলে খেলাধুলার সরঞ্জাম আরও সস্তা হতে পারে।
স্বাস্থ্য খাতে বড় স্বস্তি মিলতে চলেছে সাধারণ মানুষের। ১৭টি ক্যানসারের ওষুধ এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ওষুধের উপর আমদানি শুল্ক কমানো হয়েছে। এর ফলে চিকিৎসা খরচ উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
Make-in-India উদ্যোগে জোর দেওয়ায় ভারতে তৈরি স্মার্টফোন ও ট্যাবলেটের দাম কমবে। একই সঙ্গে চামড়াজাত দ্রব্যের উপর শুল্ক হ্রাসের ফলে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসও সস্তা হতে পারে।
পরিবেশবান্ধব যাতায়াতে উৎসাহ দিতে ইলেকট্রিক গাড়ির ব্যাটারির উপর শুল্ক কমানো হয়েছে। এর ফলে বৈদ্যুতিক গাড়ির দাম কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাইক্রোওয়েভ ওভেনের মতো গৃহস্থালি সরঞ্জাম এবং সোলার প্যানেলও আগের তুলনায় সস্তা হতে পারে।
বিদেশে ভ্রমণ এবং বিদেশি শিক্ষার ক্ষেত্রেও স্বস্তির খবর রয়েছে। Overseas tourism packages এবং বিদেশে পড়াশোনার খরচ কমবে।
পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য আমদানি করা যন্ত্রাংশের দাম কমবে।
সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবারের দাম কমবে।
লিথিয়াম ব্যাটারির উপাদান এবং বেসামরিক বিমান চলাচলের প্রশিক্ষণ ও যন্ত্রাংশও সস্তা হবে।
যেসব জিনিসের দাম বাড়তে চলেছে
অন্যদিকে, কিছু ক্ষেত্রে খরচ বাড়ার ইঙ্গিত স্পষ্ট। বাজেট ঘোষণার পর মদের দাম বাড়বে। একই সঙ্গে সিগারেট ও পান মসলার মতো তামাকজাত পণ্যের উপর কর বাড়বে।
আর্থিক বাজারে লেনদেনকারীদের জন্য খারাপ খবর। স্টক অপশন ও ফিউচার্স ট্রেডিং আরও খরচসাপেক্ষ হতে চলেছে। পাশাপাশি আয়কর সংক্রান্ত ভুল তথ্য দেওয়া বা আয় গোপন করলে জরিমানার বোঝা আরও বাড়বে। অস্থাবর সম্পত্তির তথ্য গোপন রাখলেও আগের তুলনায় বেশি আর্থিক দায় চাপতে পারে।
সব মিলিয়ে, কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ একদিকে যেমন স্বাস্থ্য, পরিবেশবান্ধব প্রযুক্তি ও দেশীয় উৎপাদনে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে, তেমনই অন্যদিকে কর ফাঁকি, তামাকজাত পণ্য ও ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেন নিরুৎসাহিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার।


