Tuesday, March 10, 2026
Latestদেশ

বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে ভারতে এল আমেরিকার প্রতিনিধি দল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ট্রাম্পের শুল্ক আরোপ ইস্যুতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ট্রাম্প উল্টোপাল্টা কার্যকলাপের প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। এরপরে টনক নড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সুর নরম করে ভারতের দিকে ফের বন্ধুত্বের হাত বাড়িয়েছেন ট্রাম্প!

সোমবার রাতে ভারতে এসেছে মার্কিন প্রতিনিধি দল। আশা করা হচ্ছে, বৈঠকে ঝুলে থাকা বাণিজ্যি জট কাটবে। মার্কিন প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ডন লিঞ্চ ভারতের বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন। দু’দেশের মধ্যে ইতোমধ্যে পাঁচ দফা আলোচনা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ষষ্ঠ দফার বৈঠক অনুষ্ঠিত হবে।

বাণিজ্য মন্ত্রকের এক কর্মকর্তা বলেছেন, “ব্যবসার জন্য ভারত ও আমেরিকা ফের সঠিক পথে ফিরে এসেছে।” এর আগে মার্কিন প্রতিনিধি দলের সফরের পরিকল্পনা ছিল ২৫ থেকে ২৯ আগস্টের মধ্যে। কিন্তু ভারতের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের কারণে সফর বাতিল হয়েছিল।

বর্তমানে আলোচনা আটকে রয়েছে বেশ কিছু পণ্যের শুল্ক ছাড়কে কেন্দ্র করে। মার্কিন পক্ষ শিল্প পণ্য, বৈদ্যুতিক যানবাহন, পেট্রোকেমিক্যাল, ওয়াইন, দুগ্ধজাত পণ্য, আপেল ও বাদামের উপর শুল্ক ছাড় দাবি করেছে। অন্যদিকে, ভারত কৃষি ও দুগ্ধ খাত সংক্রান্ত শুল্কের ক্ষেত্রে তাদের অবস্থান অটল রেখেছে। বিশেষ করে দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে কোনও শুল্ক ছাড় দেওয়া হবে না।

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই কঠোর অবস্থান দেশীয় উৎপাদন ও কৃষকদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ। তবে মার্কিন দৃষ্টিভঙ্গিতে, শুল্ক ছাড় পেলে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।