Tumpa Koyal: জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন কামদুনি আন্দোলনের প্রতিবাদী মুখ টুম্পা কয়াল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কামদুনি আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ টুম্পা কয়াল অবশেষে যোগ দিলেন বিজেপিতে। রবিবার সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন টুম্পা। তাঁর এই যোগদানের পর রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে কি প্রার্থী হিসেবে দেখা যাবে টুম্পাকে?
যদিও এই বিষয়ে বিজেপির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে দলীয় সূত্রে ইঙ্গিত মিলছে, টুম্পা কয়ালকে প্রার্থী করা হতে পারে। কোন কেন্দ্র থেকে তিনি লড়তে পারেন, তা নিয়েও জল্পনা চলছে।
বিজেপিতে যোগদানের পর টুম্পা কয়াল বলেন, “২০১৩ সাল থেকে বিজেপি আমাদের পাশে ছিল। কলকাতা হাইকোর্টে যখন আমরা নিরাশ হয়ে পড়েছিলাম, তখন বিজেপি আমাদের দিল্লিতে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সাহায্য করেছিল। রাজ্যে নারী সুরক্ষা ও দুর্নীতি রোধে বিজেপিই সেরা।”
উল্লেখ্য, ২০১৩ সালের কলেজ ছাত্রী গণধর্ষণ কাণ্ডের পর উত্তর ২৪ পরগনার কামদুনি আন্দোলনের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল। সেই সময় গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে দূরে থাকলেও, আন্দোলনের অভিজ্ঞতা থেকেই টুম্পা বুঝেছিলেন যে, রাজনীতির ময়দানে না নামলে বৃহত্তর পরিবর্তন সম্ভব নয়।
এর আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে তাঁর একাধিকবার আলোচনা হয়। গত ২২ মার্চ সল্টলেকের বিজেপি কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠকের পরই তাঁর রাজনৈতিক যোগদানের সম্ভাবনা জোরদার হয়। অবশেষে রবিবার সেই জল্পনারই অবসান ঘটল।


