Tuesday, March 10, 2026
Latestরাজ্য​

কবিগুরুর ছবি পোড়ানোর ঘটনায় ছাত্র নেতাকে বরখাস্ত করল TMCP

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) সদস্য এবি সোয়েলকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। এই সিদ্ধান্তের কথা সোমবার সন্ধ্যার পরে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানান।

ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার। কলকাতায় তৃণমূলের মঞ্চ খোলার প্রতিবাদে চাঁচল ছাত্র পরিষদ ইউনিটের তরফ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রীর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি পুড়িয়ে নিজেদের প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি, কলেজের গেটের সামনে বাংলা সাহিত্যের অমর মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর, শহীদ ক্ষুদিরাম বসু ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতি হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অভিযোগ উঠেছে, ওই বিক্ষোভ চলাকালীন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পুড়িয়ে দেওয়া হয়।

এই বিতর্কিত ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, “আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে গভীর শ্রদ্ধার চোখে দেখি। এই ধরনের কাজ আমাদের দলের নীতিমালার পরিপন্থী। এটি বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র, যার উদ্দেশ্য আমাদের ভাবমূর্তিকে কলঙ্কিত করা। তবে এ রাজ্যে বিজেপি কখনো সফল হবে না।”