Sunday, February 1, 2026
Latestরাজ্য​

Madhyamik Exam 2026: মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে রাজ্যজুড়ে বিশেষ বাস পরিষেবা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের দুশ্চিন্তা কমাতে প্রতি বছরের মতো এবারও সাহায্যের হাত বাড়াল রাজ্য সরকার। মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বিশেষ বাস পরিষেবা চালু করছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ দপ্তর। মোট ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চলবে পরীক্ষার ৮ দিন।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা, যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষার দিনগুলি হল— ২, ৩, ৬, ৭, ৯, ১০ ও ১২ ফেব্রুয়ারি। এই দিনগুলিতে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে পরীক্ষা। কর্মব্যস্ত সপ্তাহের দিনে এই সময় সাধারণত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজট থাকে। ফলে বহু পরীক্ষার্থী ও অভিভাবকের কাছেই সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে উদ্বেগ থাকে।

এই সমস্যা এড়াতেই শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে পরিবহণ দপ্তর জানায়, উত্তর ও দক্ষিণ কলকাতা থেকে শহরতলির একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ বাস পরিষেবা চালু করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বালিগঞ্জ–এসপ্ল্যানেড রুটে চলবে অতিরিক্ত ২টি বাস। গড়িয়া–হাওড়া স্টেশন রুটে চলবে সর্বাধিক ৪টি বাড়তি বাস। কাঁকুড়গাছি–বেহালা ও নিউটাউন–শিয়ালদহ রুটে মিলবে ২টি করে অতিরিক্ত বাস।

এছাড়াও হরিদেবপুর–হাওড়া স্টেশন, ঠাকুরপুকুর–শিয়ালদহ, ঠাকুরপুকুর–হাওড়া, কুঁদঘাট–দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর–এসপ্ল্যানেড, যাদবপুর–হাওড়া, বারাকপুর–হাওড়া, সরশুনা–হাওড়া, দমদম বিমানবন্দর–এসপ্ল্যানেড এবং ডানলপ–বালিগঞ্জ রুটে একটি করে অতিরিক্ত বাস চলবে।

পরিবহণ দপ্তরের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরোলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে আর বাড়তি টেনশন করতে হবে না বলেই মনে করছেন অনেকেই। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এই বিশেষ বাস পরিষেবা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সহায়তা হিসেবেই দেখছে শিক্ষামহল।