Tuesday, February 10, 2026
Latestদেশ

নাসিকে গ্রেফতার ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী, সহায়তাকারী স্থানীয় যুবকও আটক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্রের নাসিকে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে ৬ জন বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার শহরের পান্ডবলেণী গুহার কাছে কাভথেকারওয়াড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক স্থানীয় যুবককেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ইন্দিরানগর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ২৫ থেকে ৪১ বছর বয়সি ৬ জন নারীকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় তাদের মোবাইল ফোন থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের (ন্যাশনাল আইডি) ছবি উদ্ধার হয়। পাশাপাশি তাদের কাছে ভুয়ো আধার ও প্যান কার্ডও পাওয়া গেছে।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, নাসিকের বাসিন্দা ববি এবং লাকি ওরফে লিয়াকত হামিদ কুরেশি এই নারীদের নাসিকে থাকতে সাহায্য করেছিল। এর মধ্যে লিয়াকত হামিদ কুরেশিকে গ্রেফতার করা হয়েছে, অন্যজনের খোঁজে তল্লাশি চলছে।

এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, পাসপোর্ট আইন ও বিদেশি আইন অনুযায়ী মামলা রুজু করেছে ইন্দিরানগর থানা। পুলিশ জানিয়েছে, অবৈধ নথি কীভাবে তৈরি হল এবং এর পেছনে কোনও বড় চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।