বাংলাদেশের কিশোরগঞ্জে সত্যজিৎ রায়ের জরাজীর্ণ পৈতৃক বাড়ি
সংগ্রাম দত্ত: বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে অবস্থিত। এই বাড়িটির পরতে পরতে লুকিয়ে রয়েছে শিল্প ও সংস্কৃতির স্বর্ণালী ইতিহাস। কিছু স্মৃতি আর জরাজীর্ণ অবকাঠামো নিয়ে কোনমতে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি।

জানা যায়, এ জমিদার বাড়িতেই ১৮৬০ সালে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতামহ প্রখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ১৮৮৭ সালে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতা বিশিষ্ট ছড়াকার সুকুমার রায়। পরবর্তীতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সপরিবারে কলকাতা চলে যান। ১৯২১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন বিখ্যাত বাঙালী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তিনি কোনদিন মসূয়া না আসলেও এলাকায় জমিদার বাড়িটি সত্যজিৎ রায়ের বাড়ি নামেই পরিচিত।

মসূয়া জমিদার বাড়ির জমিদার ছিলেন সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ হরিকিশোর রায়চৌধুরী। তিনি প্রায় ২০০ বছর আগে কালভৈরব পূজা উপলক্ষে বাড়িতে বৈশাখী মেলার প্রচলন করেছিলেন। বর্তমানে সত্যজিৎ রায়ের বংশধরদের কেউ বাড়িতে বসবাস না করলেও গ্রামবাসীরা ধরে রেখেছেন মেলার ঐতিহ্যকে। প্রতিবছর বৈশাখ মাসের শেষ বুধবার বসে এ মেলা।


