Saleem Wastik: ইসলামিক রীতিনীতির সমালোচনা, উত্তরপ্রদেশের জনপ্রিয় ইউটিউবার সেলিম ওয়াস্তিককে কোপালো মৌলবাদীরা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনি এলাকায় শনিবার সকালে সেলিম ওয়াস্তিক নামে এক ব্যক্তির উপর দুষ্কৃতীদের নৃশংস হামলার অভিযোগ উঠেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের দাবি, সেলিমকে দিল্লির Guru Teg Bahadur Hospital-এ ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর গলায়, হাতে এবং শরীরের একাধিক অংশে গভীর আঘাত রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এবং জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
স্থানীয় সূত্রে খবর, সেলিম ওয়াস্তিক অতীতে একাধিকবার সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করে ইসলামী ধর্মীয় অনুশীলন ও মৌলবাদী মতাদর্শের সমালোচনা করেছেন। তিনি নিজেকে ‘প্রাক্তন মুসলিম’ বা ইসলাম ত্যাগকারী বলে পরিচয় দিতেন। বিভিন্ন সাক্ষাৎকার ও আলোচনায় তাঁকে কোরআন, ইসলামি ধারণা ও কট্টরপন্থী বিশ্বাসব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। হামলার পিছনে কারা জড়িত এবং এর নেপথ্যে কোনও নির্দিষ্ট কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের তরফে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
পরিবারের তরফে দ্রুত দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
তথ্যসূত্র: India Today, OP India, NDTV


