Putin India Visit: ডিসেম্বরে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৪–৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন। এই সময় তিনি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, সফরের সময় প্রেসিডেন্ট পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ‘বিশেষ ও মর্যাদাপূর্ণ কৌশলগত অংশীদারত্ব’-কে আরও শক্তিশালী করার রূপরেখা নির্ধারণ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও পুতিনকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁর সম্মানে ভোজের আয়োজন করবেন।
আরও এস-৪০০ কেনায় জোর দেওয়া হবে
পুতিনের এই সফরে আরও ‘এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম’ কেনার বিষয়ে আলোচনা হবে। এছাড়া সুখোই ৩০ এমকেআই ফাইটার জেটের আধুনিকীকরণের বিষয়েও আলোচনা হতে পারে।
দ্বিপাক্ষিক আলোচনায় গুরুত্ব পাবে শক্তি, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা
এ বছরের শীর্ষ সম্মেলনে শক্তি সহযোগিতা, প্রতিরক্ষা উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তর, বাণিজ্য সম্প্রসারণ, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু—বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও ইন্দো-প্যাসিফিকের সাম্প্রতিক পরিবর্তন—গুরুত্ব পাবে বলে কূটনৈতিক মহলের ধারণা।
আগস্টে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্কো সফরের সময় পুতিনের ভারতের আসন্ন সফরের ইঙ্গিত মিলেছিল, যদিও তখন তারিখ নির্দিষ্ট ছিল না। পরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকে মোদী-পুতিন বৈঠকে এই সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
মার্কিন সমালোচনার মধ্যেও ভারত–রাশিয়া সম্পর্ক অটুট
সফরের প্রাক্কালে কিছুটা উত্তেজনা দেখা দেয় ভারত–আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়ান ক্রুড ওয়েল আমদানি করে ভারত “ইউক্রেন যুদ্ধকে আংশিকভাবে অর্থায়ন করছে।” তবে নয়াদিল্লি স্পষ্ট জানায়, দেশের শক্তি নীতি পুরোপুরি জাতীয় স্বার্থ ও সাশ্রয়ী খরচের ভিত্তিতে নির্ধারিত।
দু’দেশের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও গভীর করার প্রস্তুতি
সফরের আগে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা ও শীর্ষ সম্মেলনের প্রস্তুতির বার্তা পৌঁছে দেন। একইসঙ্গে নয়া দিল্লিতে মোদি রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গে বৈঠকে নৌ–সহযোগিতা, দক্ষতা উন্নয়ন, জাহাজ নির্মাণ নিয়ে নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
পুতিন শেষবার ভারত সফর করেছিলেন ২০২১ সালের ডিসেম্বর মাসে, ২১তম ভারত–রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে। চার বছর পর এই সফরকে দুই দেশের মধ্যে কৌশলগত আস্থার আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সামরিক, জ্বালানি এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষিতে আসন্ন এই শীর্ষ সম্মেলন ভারত–রাশিয়া সম্পর্ককে নতুন দিশা দিতে পারে বলে কূটনৈতিক মহলের প্রত্যাশা।


