Monday, March 30, 2026
Latestবিনোদন

Actor Rahul Arunoday Banerjee Death: প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: টলি পাড়ায় শোকের ছায়া। বাংলা সিনেমা ও সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ, ৪৩ বছর বয়সী অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিনোদন দুনিয়া। শুটিং করতে গিয়েই এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

পরিচালক সৌরভ পালোধি এই দুঃসংবাদের সত্যতা স্বীকার করেছেন। জানা গিয়েছে, ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীনই এই দুর্ঘটনা ঘটে। সমুদ্রে তলিয়ে গেলে দ্রুত তাঁকে উদ্ধার করেন উপস্থিত টেকনিশিয়ানরা। এরপর তড়িঘড়ি করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতাল পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ‘গীতা এলএল বি’ ধারাবাহিকের পর ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালে অভিনয় করছিলেন। তাঁর অভিনীত চরিত্রটি দর্শকমহলে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। হঠাৎ এই দুর্ঘটনায় মাঝপথেই থেমে গেল সেই যাত্রা।

ধারাবাহিকে তাঁর সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, যিনি সিরিয়ালে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন, এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁর কথায়, “জলে ডুবে মৃত্যু হয়েছে ওঁর। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শুটিং প্যাক আপের পর এই দুর্ঘটনা ঘটে। ঠিক কীভাবে ঘটল, তা এখনও স্পষ্ট নয়।”

তিনি আরও জানান, শুটিংয়ের ফাঁকে সকলে মধ্যাহ্নভোজে গেলেও রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। তিনি বলেন, “একজন সুস্থ, প্রাণবন্ত মানুষ এভাবে চলে যেতে পারেন ভাবতেই পারছি না।”

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। সহকর্মী থেকে শুরু করে অনুরাগী সকলেই স্তম্ভিত। এক প্রতিভাবান অভিনেতার এভাবে চলে যাওয়া যে বাংলা বিনোদন জগতের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল!