পুজোর আগে কলকাতায় আসছেন মোদী, ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুজোর আগেই কলকাতায় আসছেন মোদী। আগামী সপ্তাহে ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিতব্য সেনাবাহিনীর এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী। এই সফরে মোদীর সফরসঙ্গী হিসেবে আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
সূত্রের খবর অনুযায়ী, ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বিশেষ যৌথবাহিনীর কমান্ডার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। পাশাপাশি সেনাবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক জেনারেল অনিল চৌহানও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সফরের মূল উদ্দেশ্য শুধু সামরিক কর্মকাণ্ড ও যৌথ স্ট্রাটেজি নির্ধারণের জন্য কমান্ডার সম্মেলনে অংশগ্রহণ। সুতরাং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওইদিন কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন না বলে জানানো হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের এক শীর্ষ কর্মকর্তা জানান, এই সম্মেলন দেশের সামরিক ক্ষমতা ও প্রস্তুতিকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশীয় নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা ও সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যৌথভাবে কৌশল নির্ধারণ করা হবে।
এই সফর প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রশাসন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও মহড়া চালানো হচ্ছে যাতে করে কোনও ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি এড়ানো যায়।


