বিহারে ৩৬ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস মোদীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহারের দ্রুত উন্নয়ন করে চলেছে। এদিকে বিহারকে কটাক্ষ করছে কংগ্রেস ও আরজেডি। সোমবার বিহার সফরে এই প্রসঙ্গে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুর্ণিয়া জেলার এক জনসভা থেকে মোদী বলেন, “বিহারে তৈরি রেল ইঞ্জিন এখন আফ্রিকায় রপ্তানি করা হচ্ছে। অথচ কংগ্রেস ও আরজেডি নেতারা এই উন্নয়ন দেখতে চাই না। যখনই বিহার এগোয়, তারা রাজ্যকে অপমান করে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আরজেডি ও কংগ্রেসের লোকেরা সোশাল মিডিয়ায় বিহারের বিরুদ্ধে নিন্দামূলক পোস্টে ব্যস্ত। বিড়ি এবং বিহার নিয়ে অপমান সূচক পোস্ট করছে। আসলে তারা বিহারকে ঘৃণা করে।” উল্লেখযোগ্য, ক’দিন আগেই কেরল কংগ্রেস ‘বিড়ি-বিহার’ মন্তব্য করে। তীব্র বিতর্কের মুখে পরে সেই পোস্ট মুছে দেয় কেরল কংগ্রেস।
এদিন মোদী আরো বলেন, “আরজেডি ও কংগ্রেসের নেতারা নিজেদের পরিবার নিয়ে চিন্তিত, কিন্তু আমার কাছে আপনাদের সবাইই পরিবার। এজন্যই আমি বলি – ‘সব কা সাথ, সব কা বিকাশ’। আপনার খরচ ও সঞ্চয় নিয়ে আমি চিন্তা করি।”
সেইসঙ্গে মোদী বিহারে ৩৬ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন। এ প্রসঙ্গে মোদী বলেন, “এই প্রকল্পগুলি রাজ্যের সমৃদ্ধির পথে বড় অগ্রগতি। বিহারকে পিছিয়ে রাখতে কাউকে ছাড় দেওয়া হবে না।”


