Tuesday, March 10, 2026
Latestদেশ

Nyoma Airbase : লাদাখে নতুন সামরিক বিমানঘাঁটি ভারতের 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লাদাখে নিজেদের সামরিক পরিকাঠামো আরও শক্তিশালী করল ভারত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত নিওমা বিমানঘাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। সি-১৩০জে সামরিক পরিবহন বিমানের সফল অবতরণের মাধ্যমে এই অত্যাধুনিক ঘাঁটির কার্যক্রম শুরু হয়।

চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত নতুন এই বিমানঘাঁটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা। যুদ্ধবিমান পরিচালনার উপযোগী এই ঘাঁটি কার্যত লাদাখ অঞ্চলে ভারতের তৃতীয় প্রধান সামরিক স্থাপনা হিসেবে সামনে এল।

ভারতীয় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর জানান, “লাদাখে মুধ-নিওমা ঘাঁটি চালু হওয়ায় চিন ও পাকিস্তান—দুই প্রতিপক্ষের জন্যই নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। এটি ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিকে আরও দৃঢ় করবে।”

২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্ক টানটান অবস্থায় রয়েছে। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যোগাযোগ ফের শুরু হলেও সীমান্তজুড়ে অবিশ্বাস এবং সেনা মোতায়েন কোনও দিকেই কমেনি। এমন পরিস্থিতিতে এলএসি-র এত কাছাকাছি নতুন বিমানঘাঁটি চালু করা ভারতের প্রতিরক্ষা নীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

নতুন এই ঘাঁটি শুধু সামরিক নজরদারিই নয়, দ্রুত রসদ সরবরাহ, দুর্যোগে উদ্ধার অভিযান এবং উচ্চভূমিতে প্রতিরক্ষা প্রস্তুতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। লাদাখে কঠিন ভৌগোলিক পরিস্থিতিতে ভারতের পরিকাঠামো উন্নয়ন—চিনের নজরেও তাই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।