Tuesday, March 31, 2026
Latestরাজ্য​

Dharmendra Pradhan: এবার মমতাদির কাছে কোনও ইস্যু নেই, তাই খাবার নিয়ে মিথ্যা রাজনীতি করছেন: ধর্মেন্দ্র প্রধান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভা ভোটের আগে হলদিয়ায় ‘বিজয় সঙ্কল্প সভা’ থেকে তৃণমূলকে সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একাধিক ইস্যু তুলে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।

ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, ‘বাংলাকে জামাতের হাত থেকে বাঁচাতে হলে বিজেপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।’ তাঁর কথায়, ‘বর্তমানে তৃণমূলের কাছে মানুষের সামনে তুলে ধরার মতো কোনও ইতিবাচক ইস্যু নেই। সেই কারণেই তারা খাবার নিয়ে রাজনীতি করছে।’

বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে মাছ, মাংস খাওয়া নিষিদ্ধ করবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। রবিবার নন্দীগ্রামে আমি নিজে মাছ খেয়েছি। আমি মাছ ও ডিম দুটিই খান।’ তাঁর মতে, ‘বিজেপিকে ঘিরে ভুল বার্তা ছড়ানো হচ্ছে।’

এছাড়াও রাজ্যের কর্মসংস্থান ও মহিলাদের নিরাপত্তা ইস্যুতে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ চাকরি ও নিরাপত্তা চান, কিন্তু বর্তমান সরকার সেই চাহিদা পূরণে ব্যর্থ।’

‘অনুপ্রবেশ’ ইস্যুতেওষ তাঁর অভিযোগ, ‘রাজ্যে অনুপ্রবেশকারীদের প্রভাব বাড়ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিস্থিতিকে প্রশ্রয় দিচ্ছেন। বাংলার শাসন বাংলার মানুষের হাতেই থাকা উচিত।’

একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি ‘পারিবারিক রাজনীতি’র অভিযোগ তোলেন। প্রধানের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের ভাইপোর জন্য সুযোগ তৈরি করেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের সকল মানুষের জন্য কাজ করবেন।”