প্রবল বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নেপালে জনরোষের মুখে পড়ে অবশেষে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোমবার থেকে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। যুবসমাজ সড়কে নেমে প্রতিবাদ শুরু করলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। যদিও প্রথমে সরকার সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা তুলে নেয়, তবে সরকারের দুর্নীতি ও অস্বচ্ছ নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলতে থাকে।
সংবাদ সূত্রে জানা গেছে, মঙ্গলবার নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁকে পদত্যাগের পরামর্শ দেন। পরে সেনা প্রধান জানান, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই দেশের পরিস্থিতি শান্তিপূর্ণ হতে পারে। চাপের মুখে পড়ে কেপি শর্মা ওলি পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগের কয়েক ঘণ্টা আগে তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ইঙ্গিতও দেন। এদিন সন্ধ্যা ৬টায় সর্বদলীয় বৈঠকের ঘোষণা করা হয়েছিল।
তবে পরিস্থিতির ক্রমশ অবনতির কারণে তাঁর দেশ ছাড়ার সম্ভাবনার গুঞ্জনও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঠমান্ডুজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের জন্য পাঁচটি সেনা হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলে খবর। নিরাপত্তার কারণে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।


