Wednesday, May 20, 2026
Latestদেশ

সোশ্যাল মিডিয়া থেকে সরাতে হবে সমস্ত অশ্লীল কন্টেন্ট, বড় নির্দেশিকা জারি কেন্দ্রের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও পর্নগ্রাফিক কন্টেন্টের বাড়বাড়ন্ত নিয়ে কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। একটি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে সতর্ক করা হয়েছে, কোনওভাবেই যেন তাদের মাধ্যমে অশ্লীল বা পর্নগ্রাফিক কন্টেন্ট প্রকাশ বা সম্প্রচার না হয়। পাশাপাশি, বর্তমানে যেসব আপত্তিকর কন্টেন্ট প্ল্যাটফর্মগুলিতে রয়েছে, সেগুলির বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে কেন্দ্র।

সংবাদসংস্থা PTI-এর প্রতিবেদন অনুযায়ী, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) তরফে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এই সংক্রান্ত নোটিফিকেশন পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, অশ্লীল কন্টেন্ট দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট যাতে ছড়াতে না পারে, তার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

কেন্দ্রীয় সরকার নোটিফিকেশনে IT Act এবং IT Rules, 2021-এর কথাও স্মরণ করিয়ে দিয়েছে। ওই আইন অনুযায়ী, কোনও হোস্ট বা প্ল্যাটফর্ম তাদের কম্পিউটার রিসোর্স ব্যবহার করে পর্নগ্রাফি, অশ্লীল ছবি বা ক্ষতিকারক কন্টেন্ট আপলোড, প্রকাশ, পরিবর্তন, ট্রান্সমিট, আপডেট বা শেয়ার করতে পারে না।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে। এমনকি প্রয়োজনে নির্দিষ্ট ইউজারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে সরকারের হাতে।

কেন্দ্রের দাবি, দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে একাধিক অভিযোগ এসেছে। অভিযোগে বলা হয়েছে, অনেক কন্টেন্ট অশ্লীলতার সীমা ছাড়িয়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে তা সরাসরি পর্নগ্রাফির পর্যায়ে পড়ছে। এই অভিযোগগুলির ভিত্তিতেই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও, এই ধরনের ক্ষতিকারক কন্টেন্ট বন্ধ করার বিষয়টি সংসদে আলোচিত হয়েছে এবং আদালতের পর্যবেক্ষণের আওতায়ও এসেছে। সেই প্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অতি দ্রুত আপত্তিকর কন্টেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে AI প্রযুক্তি ব্যবহার করেও বিপুল পরিমাণ অশ্লীল কন্টেন্ট তৈরি ও ছড়ানো হচ্ছে, যা যুব সমাজের মানসিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের কাছে অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগগুলির ভিত্তিতেই এবার কঠোর পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এখন দেখার বিষয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলি সরকারের এই নির্দেশ যথাযথভাবে পালন করছে কিনা।